August 31, 2026, 12:00 pm

আপনারা কি যুদ্ধের জন্য প্রস্তুত আছেন: এমপি হারুন 

আপনারা কি যুদ্ধের জন্য প্রস্তুত আছেন: এমপি হারুন 

বিএনপির যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ এমপি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, আপনারা কি যুদ্ধের জন্য প্রস্তুত আছেন? আমরা কি যুদ্ধের জন্য প্রস্তুত আছি? যুদ্ধ আমাদের করতে হবে।

রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশে আইনশৃংখলা বাহিনীর বাধার নিন্দা জানিয়ে তিনি এসব কথা বলেন।

হারুন অর রশিদ বলেন, আজকে আমি পুলিশ প্রশাসনের কাছে, পুলিশ কমিশনারের কাছে জানতে চাই কেন আপনারা এখানে ফায়ার ব্রিগেডের গাড়ি মোতায়েন রেখেছেন। কেন র্যা বের পোশাক পড়ে অস্ত্র হাতে সমাবেশে আশপাশে অবস্থান নিয়েছেন? আমি যখন গাড়ি থেকে নামলাম দেখলাম অস্ত্র নিয়ে জনগণের দিকে তাক করে আছে।  এই অস্ত্র আপনাদের কেন দেওয়া হয়েছে? আপনারা ভারতীয় সীমান্তে যান, সেখানে পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করা হচ্ছে। সেখানে মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন।

বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, আজকের এই সমাবেশ হচ্ছে লুটেরাদের উৎখাত করার সমাবেশ। আজকের এই সমাবেশ হচ্ছে মাফিয়াদের বিতাড়িত করার সমাবেশ। আজকের সমাবেশ দেশে ভোটের অধিকার ফিরিয়ে আনার সমাবেশ।

তিনি বলেন, আজকের সমাবেশে প্রধান অতিথি সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু যিনি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন তাকে আসতে বাধা দেওয়া হয়েছে। ছয় সিটির জনতার মেয়রদের রাজশাহী আসতে বাধা দেওয়া হয়েছে।  এসব করে পার পাবেন না।

মঙ্গলবার বিকালে রাজশাহী মহানগরীর মাদ্রাসা ময়দান সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারের পাশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইকবাল হাসান মাহমুদ টুকু।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা লে. কর্নেল (অব.) আবদুল লতিফ ঢাকা থেকে আন্দোলন জোরদার করার পরামর্শ দেন। তিনি বলেন, ‘আমরা সাত দিনের মধ্যে সরকারের পতন দেখতে পাব। এর জন্য ঢাকার রাজপথে রক্ত দিতে হবে। রাজশাহী, রংপুর, চট্টগ্রামে আন্দোলন করে কিছু হবে না। ঢাকাকে সুসংগঠিত করতে হবে।’

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, হাবিবুর রহমান হাবিব, বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।

এছাড়াও বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সামসুল হক প্রামাণিক, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি নাদিম মোস্তফা প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন। সমাবেশে বিভাগের আট জেলার সভাপতি ও সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com