August 30, 2026, 9:57 am

পড়া না পারায় কক্ষে নিয়ে শিশু ধর্ষণচেষ্টা, মাদ্রাসাশিক্ষক গ্রেফতার

পড়া না পারায় কক্ষে নিয়ে শিশু ধর্ষণচেষ্টা, মাদ্রাসাশিক্ষক গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর সোনাপুর এলাকায় ৭ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। পড়া না পারার অজুহাতে ওই শিশুকে কক্ষে নিয়ে শিক্ষক ধর্ষণের চেষ্টা করেন বলে জানা গেছে।

গ্রেফতারকৃত ওই মাদ্রাসা শিক্ষকের নাম- মাওলানা মোশারফ মল্লিক। তিনি ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানার চেচরি গ্রামে মৃত কালু মল্লিকের ছেলে। এই ঘটনায় সোনারগাঁও থানায় একটি মামলা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কাঁচপুর সোনাপুর এলাকায় অবস্থিত ফয়েজিয়া কওমিয়া নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানায় গত মঙ্গলবার দুপুরে শিক্ষক মাওলানা মোশারফ মল্লিক তার কক্ষে এক মাদ্রাসাছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি এলাকাবাসী অবগত হওয়ার পর কয়েকজন গ্রাম্য মাতবর তা মীমাংসা করার চেষ্টা চালায় ও এবিষয়টি নিয়ে গড়িমসি শুরু করে।

পরে রোববার দুপুরে মাদ্রাসাছাত্রীর মা বিষয়টি পুলিশকে অবহিত করে ও এ ব্যাপারে বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর পুলিশ কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে ওই মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করে।

সোমবার সকালে গ্রেফতারকৃত ওই শিক্ষককে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

সোনারগাঁও থানার এসআই মো. হাসিব হোসেন জানান, উপজেলার কাঁচপুর সোনাপুর এলাকায় কুদ্দুস মিয়ার তৃতীয় তলা ভাড়া নিয়ে গ্রেফতারকৃত শিক্ষক মাওলানা মোশারফ মল্লিক ও তার স্ত্রী ফয়েজিয়া কওমিয়া নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা গড়ে তোলেন। বিভিন্ন প্রয়োজনে শিক্ষকের স্ত্রী বাইরে গেলে মেয়ে শিক্ষার্থীদের পড়া না পারার অজুহাতে তার কক্ষে ডেকে নিয়ে যেতেন তিনি। ওই কক্ষে নিয়ে সে বিভিন্ন শিক্ষার্থীদের যৌন হয়রানী করে আসছিলেন।

মঙ্গলবার দুপুরে তার স্ত্রী জরুরি প্রয়োজনে বাইরে গেলে ভুক্তভোগী সাত বছর বয়সী শিক্ষার্থীকে পড়া না পারার অজুহাতে তার কক্ষে ডেকে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে ধর্ষণের চেষ্টা চালায়। পরবর্তীতে ওই শিক্ষার্থী বাড়ি গিয়ে বিষয়টি বাবা মাকে জানালে মাদ্রাসায় গিয়ে স্থানীয়দের কাছে বিচার দাবি করেন।

পরবর্তীতে মীমাংসা না করায় ওই শিক্ষার্থীর মা গত রোববার দুপুরে বাদী হয়ে মাওলানা মোশারফ মল্লিককে আসামি করে মামলা দায়ের করেন।

সোনারগাঁও থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত শিক্ষকের ব্যাপারে এলাকাবাসী এ সংক্রান্ত বিষয় একাধিক অভিযোগ করেছেন।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com