August 30, 2026, 9:16 am

ভাগ্নে করল ধান চুরি, প্রাণ গেল মামার

ভাগ্নে করল ধান চুরি, প্রাণ গেল মামার

রাজশাহীর মোহনপুরের স্থানীয় এক মসজিদ থেকে ধান চুরির ঘটনাকে কেন্দ্র করে ঘটে যাওয়া সংঘর্ষে প্রাণ হারিয়েছেন কোব্বাস আলী (৬০) নামের এক বৃদ্ধ।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের খয়রা মাটিকাটা গ্রামে এ ঘটনাটি ঘটে। মৌগাছীর ইউপি চেয়ারম্যান আল-আমিন বিশ্বাস বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনা সম্পর্কে তিনি বলেন, কোব্বাস আলী খয়রা গ্রামের বাসিন্দা এবং খয়রা জামে মসজিদের সভাপতি। কয়েকদিন আগে মসজিদে দান করা ২০ কেজি ধান চুরি হয়।

গ্রামবাসীরা অভিযোগ করেন- কোব্বাস আলীর ভাগ্নে সাদ্দাম হোসেন (২০) ধানগুলো চুরি করেছে। এ নিয়ে সালিশ বসে। আমি ব্যাপারটি মীমাংসাও করে দেই। কিন্তু মুসল্লিরা তা মেনে নেননি।

তিনি আরও জানান, শনিবার রাত ৮টার দিকে এলাকার কয়েকজনের সঙ্গে বিষয়টি নিয়ে কোব্বাস আলীর বাক-বিতণ্ডা হয়। এরই একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বেঁধে যায়। এতে কোব্বাস আলী ও তার দুই ছেলে আহত হন।

অপরদিকে সংঘর্ষে গ্রামবাসীদের মধ্যেও চার-পাঁচজন আহত হন। সকল আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে গুরুত্বর আহত বৃদ্ধ কোব্বাস আলীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ইফতে খয়ের আলম বলছেন, গ্রামে দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সময়মতো পুলিশ না পৌঁছালে পরিস্থিতি আরও খারাপ হতে পারতো।

তিনি আরও জানান, ওই সময় সংঘর্ষে গুরুতর আহত কয়েকজনকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দ্রুত স্থানান্তর করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

এছাড়াও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com