August 30, 2026, 7:50 am

চলন্ত ট্রেনের সামনে থেকে প্রেমিকাকে বাঁচিয়ে প্রেমিকের মৃত্যু

চলন্ত ট্রেনের সামনে থেকে প্রেমিকাকে বাঁচিয়ে প্রেমিকের মৃত্যু

চলন্ত ট্রেনের সামনে থেকে প্রেমিকাকে বাঁচিয়ে কাটা পড়ে মারা গেলেন প্রেমিক। আহত অবস্থায় প্রেমিকাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম (২৬) নরসিংদীর শিবপুর উপজেলার ধনুয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে। আহত নিতু আক্তারের (১৮) বাড়ি ‍সুনামগঞ্জে। তারা কালীগঞ্জে একটি কোম্পানিতে কাজ করেন। রেলস্টেশন থেকে সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার পাশ থেকে নিতু আক্তারকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে ঘোড়াশাল রেলস্টেশন এলাকায় ঘুরতে আসেন নিতু ও সাইফুল। দীর্ঘসময় তারা এখানে ঘোরাফেরা করেছেন। বিকেল সাড়ে ৪টার দিকে আন্তনগর এগারসিন্দু এক্সপ্রেস ট্রেন ঘোড়াশাল রেলস্টেশনের প্ল্যাটফর্ম অতিক্রম করছিল।

একই সময়ে প্ল্যাটফর্মে কোনো বিষয় নিয়ে রাগারাগি করছিলেন নিতু ও সাইফুল। হঠাৎ নিতু দৌড়ে গিয়ে ট্রেনের সামনে দাঁড়ায়। তখন দৌড়ে গিয়ে নিতুকে ধাক্কা দিয়ে রেললাইনের বাইরে ফেলে দিলেও কাটা পড়ে মারা যান সাইফুল।

ঘটনার প্রত্যক্ষদর্শী রেলস্টেশনের চানাচুরওয়ালা সাইদুল ইসলাম বলেন, দুপুর থেকেই তাদের দুজনকে স্টেশনে ঘুরতে দেখেছি। ট্রেন আসার পরই দেখি তারা ঝগড়া করছে। হঠাৎ করে ট্রেনের সামনে গিয়ে দাঁড়ায় প্রেমিকা। ধাক্কা দিয়ে তাকে বাঁচিয়ে দিলেও বাঁচতে পারেনি প্রেমিক।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইমায়েদুল জাহিদি বলেন, সাইফুলের মরদেহ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। গুরুতর আহত নিতুকে চিকিৎসার জন্য ঢামেকে পাঠানো হয়েছে। তারা একই কোম্পানিতে চাকরি করেন। প্রেমিক-প্রেমিকা হওয়ায় একসঙ্গে ঘুরতে বের হয়েছিলেন তারা।

বিজনেস নিউজ /আরএ

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com