May 25, 2026, 6:31 am

জনতা ব্যাংকের সেরা গ্রাহক বেক্সিমকো

জনতা ব্যাংকের সেরা গ্রাহক বেক্সিমকো

সদ্য বিদায়ী ২০২০ সালের জন্য রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংকের সেরা গ্রাহক নির্বাচিত হয়েছে বেক্সিমকো গ্রুপ। পাশাপাশি গত বছর ব্যাংকটির সর্বোচ্চ রপ্তানিকারক প্রতিষ্ঠানও ছিল গ্রুপটি। এ জন্য জনতা ব্যাংকের পক্ষ থেকে বেক্সিমকোকে সর্বোচ্চ রপ্তানিকারক প্রতিষ্ঠান ও সেরা গ্রাহকের সম্মাননা দেওয়া হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা দেওয়া হবে।

জনতা ব্যাংক সূত্রে জানা গেছে, ৬ জানুয়ারি অনুষ্ঠিত ব্যাংকের ৬৪৮তম সভায় বেক্সিমকো গ্রুপকে ব্যাংকটির সর্বোচ্চ রপ্তানিকারক ও সেরা গ্রাহক মনোনীত করা হয়। সে জন্য প্রতিষ্ঠানটিকে সম্মাননা জানানোরও সিদ্ধান্ত হয় ওই সভায়।

জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক মো. শহীদুল হক এক চিঠির মাধ্যমে বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এ এস এফ রহমানকে এ সম্মাননা ও ট্রফি প্রদানের সিন্ধান্তের বিষয়টি জানান।

২০২০ সালে জনতা ব্যাংকের মাধ্যমে বেক্সিমকো গ্রুপের মোট রপ্তানির পরিমাণ ছিল প্রায় ৪ হাজার ৭১৪ কোটি টাকা। এর মধ্যে বেক্সিমকো লিমিটেডের রপ্তানির পরিমাণ ছিল প্রায় ২ হাজার ৩২৭ কোটি টাকা।

জনতা ব্যাংক জানিয়েছে, গত বছর ব্যাংকটি বেক্সিমকো গ্রুপ থেকেই আয় করেছে প্রায় ৪৮৪ কোটি টাকা। এর মধ্যে পুনর্গঠিত ও পুনঃ তফসিল করা ঋণের কিস্তি বাবদ আয় হয়েছে ৪২৭ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com