August 23, 2026, 6:26 am

রোনাল্ডোর জোড়া গোলে হারল মেসির বার্সেলোনা

রোনাল্ডোর জোড়া গোলে হারল মেসির বার্সেলোনা

আড়াই বছর পর ন্যু ক্যাম্পে মঙ্গলবার রাতে মুখোমুখি বর্তমান সময়ের সেরা দুই তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

ক্লাব জয়ের চেয়েও যে ম্যাচে মূখ্য কে সেরা – মেসি না রোনাল্ডো এই তর্ক জয়ের।

প্রতিদ্বন্দ্বী দুই খেলোয়াড়কে নিয়ে দিনের পর দিন খিস্তিখেউড় চললেও মঙ্গলবারের ম্যাচে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মেসি পরাভূত রোনাল্ডোর কাছে।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ব্লকবাস্টার ম্যাচে বার্সেলোনা (১৫)  টপকে গ্রুপসেরা হতে আজ অন্তত ৩ গোলের ব্যবধানে জিততে হতো জুভেন্টাসকে (১২)।

আর জুভেন্টাস তাই করে দেখাল। বার্সেলোনাকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে গ্রুপ জি-এর শীর্ষে উঠল জুভেন্টাস।

মেসি-রোনাল্ডো দ্বৈরথে আজ কারিশমাটিক পারফরম্যান্স দেখালেন পর্তুগিজ সুপারস্টার রোনাল্ডো।

প্রথমার্ধের শুরু থেকেই রোনাল্ডো ও আলভারো মোরতার তাণ্ডবে বার্সার রক্ষণভাগ বারবারই হুমকির মুখে পড়ে । যে কারণে ফাউলের সুবাদে পেনাল্টি পায় জুভেন্টাস। রোনাল্ডোকে ফাউল করেন চোট কাটিয়ে এক মাস পর সম্প্রতি ফেরা ডিফেন্ডার রোনালদো আরাহো।

১৩তম মিনিটে সফল স্পটকিকে গোল করে লিড নেন সিআরসেভেন। এই গোল হজমের মাত্র ৭ মিনিটের মাথায় বার্সা শিবিরে আরও একটি ধাক্কা লাগে। ২০তম মিনিটে টার স্টেগানকে পরাস্ত করে গোল আদায় করে নেন জুভেন্টাসের ওয়েস্টন ম্যাককেনি। কুয়াদরাদোর ক্রস থেকে বল পেয়ে শরীরকে শূন্যে ভাসিয়ে ডান পায়ের ভলিতে অসাধারণ এক গোল করেন যুক্তরাষ্ট্রের এই মিডফিল্ডার।

প্রথমার্ধে অনেক চেষ্টার পরও সেই দুই গোল শোধ করতে পারেনি মেসি-গ্রিজম্যানরা। ফলে ২-০ স্কোরলাইনে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে নেমে গোল শোধ করবে কি উল্টো ৫২ মিনিটে আরও একটি গোল হজম করে বার্সেলোনা। এবারও সেই পেনাল্টি। ৪৯ মিনিটের সময় ডি বক্সে বার্সার এক খেলোয়াড়ের হাতে বল লাগে । ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।  সফল স্পটকিক থেকে নিজের জোড়া গোল পূর্ণ করেন রোনাল্ডো।

৩-০ তে এগিয়ে যায় ইতালির জায়ান্টরা।

এদিকে উপায় না পেয়ে মার্টিন ব্রাথওয়েটকে নামান কোম্যান। কিন্তু তাতে কোনা কাজ হয়নি।

একটি বলও জুভেন্টাসের জালে জড়াতে পারেনি মেসি-ব্রাথওয়েট।

অন্তত মেসি জ্বলে উঠবেন,তার ছন্দে ঘুরে দাঁড়াবে বার্সা –  দ্বিতীয়ার্ধের পুরোটা জুড়ে এমন স্বপ্ন দেখেছিল মেসিভক্তরা।

মেসি অনেকটা জ্বলেও উঠেছিলেন। জুভেন্টাসের গোলপোস্ট বরাবর ৭টি শট ও নিয়েছিলেন। কোনোটিই লক্ষ্যভেদ হয়নি। জুভেন্টাসের ৪২ বছর বয়সী গোলরক্ষক জিয়ানলুইজি বুফন মেসির ৭টি অন টারগেট শটই প্রতিহত করেছেন।

ফলে ৩-০ গোলের ব্যবধানে হেরে মাঠ ছাড়ে কাতালানরা।  ৪-০ গোলের ব্যবধানে হারতে পারত বার্সা। ৭৫ মিনিটে লিওনার্দো বোনুচ্চি বার্সার জালে বল জড়াতে সক্ষম হলেও অফসাইডে বাতিল হয় সেটি।

প্রথম লেগে জুভেন্তাসের মাঠ থেকে বার্সেলোনা ০-২ গোলে জয় নিয়ে ফিরেছিল। করোনা আক্রান্ত হওয়ায় ওই ম্যাচটায় খেলতে পারেননি রোনাল্ডো। পেনাল্টি থেকে সেই ম্যাচে গোল করেছিলেন মেসি।

মঙ্গলবার ম্যাচে উপস্থিত থেকে যেন সেই ম্যাচের প্রতিশোধ নিল রোনাল্ডো।

বিজনেস নিউজ/এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com