April 11, 2026, 2:06 pm

অনলাইনে আয়কর রিটার্ন জমা শুরু

অনলাইনে আয়কর রিটার্ন জমা শুরু

কর আদায় ব্যবস্থা আরও সহজ করতে দেশে প্রথমবারের মতো অনলাইনে স্বয়ংক্রিয় পদ্ধতিতে আয়কর রিটার্ন দাখিল কার্যক্রম শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার রাজধানীর কর অঞ্চল-৬ এ অনলাইনে রিটার্ন দাখিল শুরু হয়। এই কার্যক্রমের উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

আপাতত এই কর অঞ্চলের নাগরিকরা অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন। তবে আগামী বছরের মধ্যে দেশের সব কর অঞ্চলে এই সুবিধা চালু হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ার‌ম্যান।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আমার কাছে মনে হয়, টিআইএনধারীদের কাছে টাকা দেওয়াটা কষ্টের বিষয় নয়। কিন্তু জমা দেওয়া সমস্যা। এই সমস্যাটা দূর করতে আমরা সরাসরি অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সুযোগ দিতে একটি সফটওয়্যার তৈরি করেছি।এই সফটওয়্যারের মাধ্যমে এখন থেকে ঢাকা কর অঞ্চল-৬ এর টিআইএনধারী করদাতারা সরাসরি অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।

এই কর অঞ্চলে এক লাখ ৩৫ হাজার করদাতা রয়েছেন। করোনাভাইরাস মহামারীর সময়ে ঘরে বসে রির্টান জমা দিতে বড় ভূমিকা রাখবে এই কার্যক্রম। তবে এটি বিশাল অর্জন নয় জানিয়ে আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, অনলাইনে রিটার্ন সাবমিশনের প্ল্যাটফর্মে প্রবেশ করলাম। আমরা এটাকেই ডেভলপ করব। এটার উপর ভিত্তি করে ঢাকার অন্যান্য কর অঞ্চলগুলোতেও অনলাইনে রিটার্ন দাখিল কার্যক্রম হাতে নেব। বছরের শুরুর দিকেই যদি এই কার্যক্রম শুরু করা যেত তাহলে এবছরের মধ্যে অন্যান্য কর অঞ্চলগুলোকে অনলাইনের আওতায় নিয়ে আসা যেত। ইনশাআল্লাহ আগামী বছর থেকে দেশের সবগুলো কর অঞ্চলের করদাতারা অনলাইন সেবা পাবেন। অনলাইনে রিটার্নের চালান জমা হওয়ার সাথে সাথে গ্রাহকপ্রাপ্তি স্বীকারপত্র পাবেন বলে জানান তিনি।

কর অঞ্চল-৬ এর কর কমিশনার মোহাম্মদ জাহিদ হাছানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এনিবআর সদস্য হাফিজ আল মোরশেদ বলেন, অনলাইনে রিটার্ন দাখিল কার্যক্রম শুরু করতে পারাটা অনেক গুরুত্বপূর্ণ। এই কার্যক্রম রাজস্ব আহরণ ও গ্রাহকদের সেবা প্রদানে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এই কার্যক্রম দেশের সকল কর অঞ্চলে দ্রুত ছড়িয়ে দিতে হবে। তবে ভূলভ্রান্তি দূর করার জন্য সবসময় সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা রাখতে হবে।

 

বিজনেস নিউজ/এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com