August 24, 2026, 6:15 am
স্প্যানিশ লা লিগায় বাড়তি সুবিধা পেয়ে থেকে রিয়াল মাদ্রিদ, হারতে থাকা ম্যাচের শেষদিকে পেনাল্টি দিয়ে তাদেরকে জিতিয়ে দেওয়া হয়- সমালোচকদের এমন অভিযোগ প্রায়ই শোনা যায়। তবে রোববার রাতের ম্যাচ যারা দেখেছেন, তাদের সামনে আর এমনটা বলার সুযোগ থাকছে না।
রোববার রাতে রিয়ালকে ৪-১ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়া। করিম বেনজেমার গোলে এগিয়ে গিয়েছিল লস ব্ল্যাঙ্কোসরাই। কিন্তু কার্লোস সোলেরের হ্যাটট্রিক ও রাফায়েল ভারানের আত্মঘাতী গোলে জয় তুলে নেয় স্বাগতিকরা।
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচটিতে তিনটি পেনাল্টি গোল হজম করতে হয়েছে রিয়ালকে। সঙ্গে আবার যোগ হয়েছে একটি আত্মঘাতী গোল। সবমিলিয়ে এক হালি গোল হজম করে বিপর্যস্ত অবস্থায় বার্নাব্যুতে ফিরেছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকে আক্রমণে উঠে আসা রিয়াল প্রতিপক্ষের রক্ষণে ভয় ধরিয়ে দিয়েছিল। আক্রমণের ধারা বজায় রেখেই ২৩তম মিনিটে এগিয়ে যায় সফরকারীরা। ব্রাজিলিয়ান মার্সেলোর মাপা পাস ধরে বক্সের ভেতরে ঢুকে ভ্যালেন্সিয়ার গোলরক্ষক দোমেনেককে পরাস্ত করে বল জালে জড়িয়ে মৌসুমে নিজের চতুর্থ গোল করেন রিয়ালের ফরাসি স্ট্রাইকার বেনজেমা।
এগিয়ে যাওয়ার সুখ অবশ্য কপালে বেশিক্ষণ সইলো না রিয়ালের। এগিয়ে যাওয়ার ৫ মিনিট পরেই গোল হজম করে দলটি। সোলেরের বাড়িয়ে দেওয়া বলে বক্সে ক্রস দিয়েছিলেন গায়া। আর তা ঠেকাতে গিয়ে বল লুকাস ভাসকেসের হাতে লাগলে পেনাল্টির ইশারা করেন রেফারি।
সোলেরের স্পট কিক শুরুতে গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন, এই স্প্যানিশ মিডফিল্ডারের ফিরতি শট পোস্টে লেগে ফিরলে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন ইউনুস মুসা। কিন্তু সোলের স্পট কিক নেওয়ার আগমুহূর্তে মুসার পা ডি-বক্সে ঢুকে পড়ায় ভিএআরে দেখে পেনাল্টি বাতিল করেন রেফারি। ফিরতি পেনাল্টিতে সমতা ফেরান সোলেরা।
গোল হজম করেই নিজেদের রক্ষণ আলগা করে ফেলে রিয়াল। যার ফায়দা তুলে পাল্টা আক্রমণে ওঠে আসে ভ্যালেন্সিয়া। ৪৩তম মিনিটে দলটি এগিয়েও যায়। ম্যাক্সি গোমেজের ক্রস ঠেকাতে গেলে বল ভারানের পায়ে লেগে ওপরে উঠে যায়। গোললাইন থেকে ফেরানোর চেষ্টায় বলে হাত ছোঁয়ানোর চেষ্টা করেছিলেন থিবো কোর্তোয়া। কিন্ত ততক্ষণে দেরি হয়ে গেছে। ভিএআরে দেখা যায় বল গোললাইন পেরিয়ে গেছে।
দ্বিতীয়ার্ধের শুরুতে আরও দুই পেনাল্টি গোল হজম করে রিয়াল। নিজেদের ডি-বক্সে ভ্যালেন্সিয়ার গোমেসকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ডিফেন্ডার মার্সেলো। স্পট কিকে ব্যবধান আরও বাড়ান সোলেরা। এরপর ডি-বক্সে সার্জিও রামোসের হাতে বল লাগলে ফের পেনাল্টি পায় ভ্যালেন্সিয়া। এবার নিখুঁত স্পট কিকে হ্যাটট্রিক পূরণ করেন সোলেরা।
একের পর এক পেনাল্টি এবং মাঝে আত্মঘাতী গোলের ধাক্কাটা সইতে পারেনি রিয়াল। গোলের সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেনি। পুরো ম্যাচে অন্তত ৭টি শট লক্ষ্যে রাখলেও সেগুলোকে গোলে পরিণত করা হয়নি জিনেদিন জিদানের শিষ্যদের। ফলে বড় পরাজয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।
এ পরাজয়ের ফলে পয়েন্ট টেবিলের চারে নেমে গেছে রিয়াল। এখনও পর্যন্ত ৮ ম্যাচে তাদের সংগ্রহ ১৬ পয়েন্ট। বড় জয় পেলেও ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে রয়েছে ভ্যালেন্সিয়া। শীর্ষে থাকা রিয়াল সোসিয়েদাদের সংগ্রহ ৯ ম্যাচে ২০ পয়েন্ট।