April 30, 2026, 1:26 pm

করোনায় ৩ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে বার্সার

করোনায় ৩ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে বার্সার

করোনার কারণে কতভাবে যে কত মানুষ কিংবা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। ইউরোপে করোনার ব্যাপকতা চলেছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এবং মে মাসে। ওই সময় পুরো ইউরোপ অবরূদ্ধ হয়ে পড়েছিল বিশ্ব থেকে। এ সময় বন্ধ হয়ে পড়েছিল ইউরোপিয়ান ফুটবল।

ইউরোপের জনপ্রিয় লিগগুলো বন্ধ ছিল তিন মাসেরও বেশি সময়। লম্বা এই সময়টাতে সব কিছু বন্ধ থাকার কারণে আর্থিক ক্ষতিরও সম্মুখিন হতে হয়েছিল প্রায় সবাইকে। তবে, এককভাবে নিজেদের ক্ষতির কথা এবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলো লিওনেল মেসিদের ক্লাব বার্সেলোনা।

বার্সেলোনা নিশ্চিত করেছে, করোনাভাইরাসের কারণে মোট ৩০০ মিলিয়ন ইউরো (প্রায় তিন হাজার কোটি টাকা) ক্ষতির সম্মুখিন হয়েছে তারা। আগামী বাজেটেই এ ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছে বার্সার বোর্ড অব ডিরেক্টরস।

বার্সা আশা করেছিল, তারাই প্রথম ফুটবল ক্লাব হবে যারা বাৎসরিক ১ বিলিয়ন ইউরো রাজস্ব আয় করতে পারবে। গত মার্চ পর্যন্ত লক্ষ্যপানেই এগিয়ে চলছিল তারা। কিন্তু করোনার কারণে ফুটবল বন্ধ ছিল তিন মাস। এই তিন মাসেই লক্ষ্য পূরণে বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। রাজস্ব আয়ে অনেক বড় একটি ক্ষতির সম্মুখিন হলো তারা।

ম্যাচ ডে রেভিনিউ আসেনি, বার্সেলোনা মিউজিয়ামের টিকিট বিক্রি বন্ধ ছিল, স্টোর বন্ধ থাকার কারণে জার্সি বিক্রি বন্ধ হয়ে গিয়েছিল। যেগুলো প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ইউরো আয়ের অন্যতম উৎস ছিল বার্সার। একই সঙ্গে টেলিভিশন রাইটস এবং স্পন্সর হারানোর কারণেও বড় অংকের ক্ষতির সম্মুখিন হয় তারা।

যার ফলে লক্ষ্যের চেয়ে মোট ৩০ ভাগ কম রেভিনিউ আয় হয়েছে বার্সার। তবে, আগামী বাজেটেই এই ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করা হবে বলে মনে করে বার্সেলোনা। বিশেষ করে মেসিকে ধরে রাখতে পারা তাদের জন্য অনেক বড় সাফল্য। মেসির কারণেই তাদের এই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছে বার্সা কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com