May 1, 2026, 4:30 pm

কাজ বন্ধ করায় অফিসে ঢুকে প্রকৌশলীকে পেটালেন ঠিকাদার

কাজ বন্ধ করায় অফিসে ঢুকে প্রকৌশলীকে পেটালেন ঠিকাদার

নিজ কার্যালয়ে ঠিকাদার ও তার সহযোগীদের হামলায় রক্তাক্ত হয়েছেন রাজশাহী গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেন (২৮)। এ সময় ওই প্রকৌশলীর কক্ষের ল্যাপটপ ও প্রিন্টারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়।

আজ সোমবার (১৭ আগস্ট) বেলা ১২টার দিকে গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই প্রকৌশলীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠান লিটন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রাজশাহী মহানগরীর সাধুরমোড় এলাকার বাসিন্দা শাহাবুল মঞ্জুর লিটন (৩১) এবং তার ব্যবস্থাপক নগরীর উপকণ্ঠ চক কাপাসিয়ার বাসিন্দা আতিকুর রহমানকে (৩২) আটক করেছে পুলিশ।

হামলার শিকার উপসহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেন জানান, কোটি টাকা ব্যয়ে রাজশাহীর পুঠিয়া উপজেলায় ভূমি অফিস নির্মাণ কাজ চলছে। রোববার (১৬ আগস্ট) বিকেলে তিনি এ নির্মাণকাজ পরিদর্শনে যান। এ সময় সেখানে নিম্নমানের ইটের খোয়া দিয়ে ঢালাই কাজ চলছিল। এছাড়া কাজের শিডিউলে চার ইঞ্চি ঢালাই দেয়ার বিষয়টি উল্লেখ থাকলেও দেয়া হচ্ছিল আড়াই ইঞ্চি। এ সময় তিনি কাজটি বন্ধ করে দেন এবং ঘটনাস্থল থেকে নিম্নমানের নির্মাণ সামগ্রী সরিয়ে নেয়ার নির্দেশ দেন।

তিনি আরও জানান, এ ঘটনার জেরে ঠিকাদার লিটন এবং তার ব্যবস্থাপক আতিক সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তার অফিস কক্ষে আসেন। তারপর লিটন ঘটনাস্থল থেকে নিম্নমানের নির্মাণ সামগ্রী সরিয়ে নিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে লিটন এবং তার সহযোগী তার ওপর হামলা চালান। লিটন কাঠের চেয়ার দিয়ে তাকে বেধড়ক পেটান। ফলে তার ডান চোখের ওপরের অংশে আঘাত লেগে গভীর ক্ষতের সৃষ্টি হয়। এছাড়া তার শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়। হামলার পর লিটন এবং তার সহযোগী আতিক অফিস কক্ষে ভাঙচুর করেন। তার কক্ষের চেয়ার, টেবিল, ল্যাপটপ এবং প্রিন্টার ভেঙে ফেলেন।

ঘটনার পর রাজশাহী গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী ফেরদৌস শাহনেওয়াজ কান্তা বলেন, ঘটনার পরপরই তারা থানায় খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে আসে। খবর পেয়ে র্যা ব সদস্যরা সেখানে যান। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ দু’জনকে আটক করেছে। তারা এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

রাজশাহী মহানগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান জানান, গণপূর্ত কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় ঠিকাদার লিটন ও আতিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে দু’জনকে এতে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com