May 31, 2026, 9:46 am
ইন্টারনেটভিত্তিক ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর লাগাম টেনে ধরার সিদ্ধান্ত নিয়েছে চীন সরকার। তারই ধারাবাহিকতায় দেশটির বাজার নিয়ন্ত্রক সংস্থা আলিবাবা, চায়না লিটারেচার, টেনসেন্ট ই-বুক স্পিনোফকে নতুন একটি আইন অমান্যের দায়ে জারিমানা করেছে।
সোমবার (১৪ ডিসেম্বর) চীনা গণমাধ্যমগুলোতে এ খবর প্রকাশ করা হয়।
চীন সরকারের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয় প্রতিটি প্রতিষ্ঠানকে পাঁচ লাখ ইয়েন (প্রায় ৬৫ লাখ টাকা) করে জরিমানা করা হয়েছে।
চীন সরকারের অভিযোগে বলা হয়, আলিবাবাসহ বেশ কয়েকটি অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান সাম্প্রতিক সময়ে অফলাইনে ব্যবসা বৃদ্ধি করছে। কিন্তু এতে তারা ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোকে অধিগ্রহণ করছে। সেসব অধিগ্রহণের আইনানুগ বৈধ কাগজপত্র সরকারকে দিতে ব্যর্থ হচ্ছে। তাদের এসব পদক্ষেপের কারণে ক্ষুদ্র ব্যবসায় ক্ষতিগ্রস্ত হচ্ছে।
চীনের বাজার নিয়ন্ত্রক সংস্থার একজন কর্মকর্তা বলেন, ‘যদিও কোম্পানিগুলোর সক্ষমতা এবং তাদের করা অধিগ্রহণ চুক্তির তুলনায় এ জরিমানা সামান্যই। তবে এটি প্রাথমিক পদক্ষেপ হিসেবে সব কোম্পানি বা জায়ান্টদের জন্য একটি সতর্ক দৃষ্টান্ত হয়ে থাকবে।’
যে আইনে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে সেটি পাস হলেও চীন সরকার এ আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। সে লক্ষে দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে এ বিষয়ে মতামত নেওয়া হচ্ছে। গতমাসে দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়, কিছু প্রতিষ্ঠানকে দেখা যাচ্ছে এক চেটিয়া ব্যবসায়ের দিকে অগ্রসর হচ্ছে। এতে করে ক্ষুদ্র উদ্যোগগুলো চরমভাবে ক্ষতির মুখে পড়ছে।
বিজনেস নিউজ/এমআরএম