স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে তেলের কোনো প্রকৃত সংকট নেই; বরং কিছু অসাধু ব্যবসায়ীর অনৈতিক কর্মকাণ্ডের কারণেই কৃত্রিম সংকট তৈরি হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এবং এলজিইডি ও জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ঢেউটিন, চেক ও বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তেল নিয়ে কালোবাজারি কোনোভাবেই সহ্য করা হবে না এবং এ বিষয়ে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ইরান ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে চলমান উত্তেজনা বিশ্বব্যাপী প্রভাব ফেললেও বাংলাদেশে তেল সরবরাহে কোনো ঘাটতি হয়নি।
বরং একটি চক্র ইচ্ছাকৃতভাবে বাজারে অস্থিরতা তৈরি করছে, যা দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জন্য ক্ষতিকর।
তিনি প্রশাসনকে কঠোর নজরদারি জোরদার করার আহ্বান জানান এবং কালোবাজারি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রপিকুল হক, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সদর থানা বিএনপির সভাপতি আব্দুল হামিদ এবং পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ইএটি
Leave a Reply
You must be logged in to post a comment.