April 8, 2026, 9:59 pm

ছাত্রদলের বিরুদ্ধে ব্যারিস্টার আরমানের প্রতিনিধিদলের ওপর হামলার অভিযোগ

ছাত্রদলের বিরুদ্ধে ব্যারিস্টার আরমানের প্রতিনিধিদলের ওপর হামলার অভিযোগ

রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে প্রতিনিধি দলের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। গতকাল ৬ এপ্রিল দুপুরে সংঘটিত এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আরমানের পক্ষ থেকে পাঠানো ১০ থেকে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল কলেজের বিভিন্ন অনিয়ম নিয়ে অধ্যক্ষের সঙ্গে আলোচনার জন্য কলেজে যায়। অভিযোগ রয়েছে, সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয় কলেজে সম্পদ ব্যবহারে অনিয়ম, অবৈধ নিয়োগ বাণিজ্য এবং এসবের বিরুদ্ধে প্রতিবাদকারীদের হুমকি দেওয়ার ঘটনা নিয়ে তারা কথা বলতে গিয়েছিল।

৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ডা. মঈন স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, প্রতিনিধি দলটি অধ্যক্ষের কক্ষে অবস্থানকালে হঠাৎ ছাত্রদল, যুবদল ও বহিরাগতদের একটি মিছিল সেখানে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। এতে প্রতিনিধি দলের কয়েকজন সদস্য আহত হন।

আহতদের মধ্যে মিরপুর উত্তর থানা সেক্রেটারি আব্দুল মান্নান ও বাইতুলমাল সম্পাদক সাখওয়াত হোসাইন গুরুতর আহত হলে তাদের মিরপুরের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া ডা. মঈনের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করা হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে তার হাতে একাধিক সেলাই দিতে হয়েছে বলে জানা গেছে।

মিরপুর উত্তর থানা আমীর মুনীরুল ইসলাম দাবি করেন, স্বল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক লোক ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানোয় এটি পূর্বপরিকল্পিত বলে প্রতীয়মান হয়। তিনি এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্পৃক্ততা থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেন।

তিনি আরও অভিযোগ করেন, আহতদের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকার সময় ছাত্রদল অধ্যক্ষের নেতৃত্বে থানায় পাল্টা অভিযোগ দায়ের করেছে।

ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এআর

Please Share This Post in Your Social Media


Leave a Reply

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com