May 27, 2026, 5:28 pm
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ জানান, যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত চলছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ-এর বিরুদ্ধেও সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাই ভারত সরকারের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আইনগত পথেই সম্পন্ন করা হবে।
নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বাংলাদেশের ইতিহাসে এবারের নির্বাচন একটি মাইলফলক। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া প্রায় শতভাগ শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। ভোটাররা শুধু ভোটই দেননি, কেন্দ্র পাহারা দিয়ে গণতন্ত্র রক্ষায়ও ভূমিকা রেখেছেন।
তিনি আশা প্রকাশ করেন, স্বাধীনতার পর গঠিত সংসদগুলোর মধ্যে এটিই সবচেয়ে বেশি আইন প্রণয়নকারী ও জন-আকাঙ্ক্ষার প্রতিফলক হবে। নতুন সরকারের অগ্রাধিকার হিসেবে আইনের শাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং দুর্নীতি নির্মূলের কথা উল্লেখ করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, এবারের নির্বাচনে বিএনপির বিজয় প্রত্যাশিত ছিল এবং তারেক রহমানকে ঘিরে মানুষের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। নির্বাচনের মধ্য দিয়ে দেশে শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি রচিত হয়েছে।
তিনি আরও বলেন, জুলাই সনদ রাজনৈতিক সমঝোতার প্রতীক, এটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী মেধানির্ভর ও প্রযুক্তিনির্ভর দেশ গঠনে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
গেজেট প্রকাশের পর সাংবিধানিক বিধান অনুযায়ী শপথ অনুষ্ঠিত হবে বলেও জানান বিএনপির এই নেতা।