May 27, 2026, 5:27 pm

ভোট সুষ্ঠু হলে ৩০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হবো : নুরুল হক নুর

ভোট সুষ্ঠু হলে ৩০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হবো : নুরুল হক নুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট সুষ্ঠু হলে অন্তত ৩০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার আশা প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী–৩ (গলাচিপা–দশমিনা) আসনের বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল হক নুর। একই সঙ্গে বিভিন্ন কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাত ও ভোটার–এজেন্টদের হয়রানির অভিযোগ তুলেছেন তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজের নির্বাচনী এলাকার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনকালে নুরুল হক নুর এসব কথা বলেন।
নুর বলেন, “ভোট সুষ্ঠু হলে কমপক্ষে ৩০ হাজার ভোট বেশি পেয়ে আমরা বিজয়ী হবো।” তিনি দাবি করেন, তাদের অনুসারীরা ভদ্র ও নম্র রাজনীতি করেন বলেই অনেক জায়গায় দুর্ব্যবহারের শিকার হচ্ছেন। “আমরা ভদ্র পলিটিক্স করায় অনেকেই আমাদের সঙ্গে খারাপ আচরণ করছেন,” যোগ করেন তিনি।
বিভিন্ন কেন্দ্রের প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে নুর বলেন, কোথাও কোথাও তারা স্বতন্ত্র এক প্রার্থীর পক্ষে ভোট চাইছেন এবং ভোটারদের ওপর চাপ সৃষ্টি করছেন। এছাড়া বিভিন্ন এলাকায় তাদের এজেন্টদের সঙ্গেও ঝামেলা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এতে ভোটার ও এজেন্টদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি সমর্থিত এই প্রার্থী।
নুর আরও বলেন, তার আসনের প্রায় চল্লিশটি ভোটকেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় সংঘাত বা সহিংসতা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি জানান, শেষ সময়ে প্রশাসন সক্রিয় না থাকলে পরিস্থিতি খারাপ হতে পারে। তবে এ বিষয়ে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, পটুয়াখালী–৩ আসনে নুরুল হক নুরের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com