October 22, 2026, 8:42 pm

১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্ট ব্যর্থ হয়ে যাবে: নাহিদ ইসলাম

১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্ট ব্যর্থ হয়ে যাবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্টও ব্যর্থ হয়ে যাবে। ৫ আগস্ট যেভাবে সফল হয়েছে, ঠিক সেভাবেই ১২ ফেব্রুয়ারিকেও সফল করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডায় এনসিপির নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “ইনশাআল্লাহ, ১২ ফেব্রুয়ারি আমরা বিজয় নিয়েই ঘরে ফিরবো।”

ঢাকা-১১ আসনের নাগরিক সংকট তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, এই এলাকায় পর্যাপ্ত খেলার মাঠ, স্কুল ও হাসপাতালের মারাত্মক ঘাটতি রয়েছে। সরকারি হাসপাতাল নেই বললেই চলে, সরকারি হাই স্কুল নেই, আর সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে মাত্র ১৫টি। শিক্ষা ও স্বাস্থ্যখাত পুরোপুরি প্রাইভেট সেক্টরের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই এলাকার প্রায় ৬০ শতাংশ রাস্তা তলিয়ে যায়। জলাবদ্ধতা নিত্যদিনের সমস্যা। মাত্র ৩০ থেকে ৩৫ শতাংশ এলাকা পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার আওতায় রয়েছে, বাকি ৭০ শতাংশ এলাকা অপরিকল্পিত নর্দমা ও ভরাট হওয়া খালের ওপর নির্ভরশীল। রামপুরা খাল ও শাহজাদপুর খালসহ বিভিন্ন খাল দখল ও ভরাটের কারণে পানি নিষ্কাশনের সক্ষমতা নষ্ট হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ঢাকা-১১ এলাকার উন্নয়ন না হওয়ার পেছনে প্রধান বাধা রাজনৈতিক কারণ। “এই এলাকার শত শত মানুষের জমি, খাস জমি ও সাধারণ জলাশয় ভূমিদস্যুরা দখল করে ভরাট করেছে। এতে শত শত পরিবার নিঃস্ব হয়ে গেছে,” বলেন তিনি।

এলাকার অর্থনৈতিক বৈষম্য দূর করার প্রতিশ্রুতি দিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, ঢাকা-১১ আসনের নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। যারা ভূমি হারিয়েছেন, তাদের জমি ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। তা সম্ভব না হলে ন্যায্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। ভূমিদস্যুদের সিন্ডিকেট চিরতরে নির্মূল করা হবে বলেও ঘোষণা দেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, তারা শুধু ঢাকা-১১ আসন নয়, সারা বাংলাদেশেই জয়ের ব্যাপারে আশাবাদী। ১১ দলীয় ঐক্যজোটকে আগামীর বাংলাদেশ নেতৃত্ব দেওয়ার জোট উল্লেখ করে তিনি বলেন, দেশজুড়ে ঐক্যজোটের প্রার্থী ও প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, দেশে এমন একটি রাজনৈতিক শক্তি রয়েছে যারা বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা করছে। সেই পরিকল্পনা রুখে দিতে ১২ ফেব্রুয়ারি ভোটের দিন সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, “১২ ফেব্রুয়ারি বাংলাদেশকে দখলদারমুক্ত, আধিপত্যবাদমুক্ত ও সন্ত্রাসমুক্ত করতে হবে। ১২ ফেব্রুয়ারি যদি ব্যর্থ হয়, ৫ আগস্টও ব্যর্থ হয়ে যাবে। আমরা ৫ আগস্ট যেমন সফল করেছি, ১২ ফেব্রুয়ারিতেও তেমনি বিজয় অর্জন করবো—ইনশাআল্লাহ।”

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com