August 27, 2026, 4:02 pm
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন নির্বাচন কমিশন বাতিল করে। পরে এ বিষয়ে করা রিট আবেদনও হাইকোর্টে খারিজ হয়ে যাওয়ায় এ আসনে বিএনপির কোনো প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকছে না।
ধানের শীষ প্রতীকের প্রার্থী না থাকলেও দেবিদ্বার আসনে বিএনপি জোটের পক্ষ থেকে অন্য একটি দলের প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপি জোটভুক্ত দল গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ বিএনপি জোটের শরিক হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছে। সে অনুযায়ী কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর বিপরীতে বিএনপি জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন জসিম উদ্দিন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী জানান, কেন্দ্রীয় নির্দেশনায় গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, মৌখিকভাবে কেন্দ্র থেকে এ নির্দেশনা এসেছে এবং নেতাকর্মীদের জসিম উদ্দিনের পক্ষে মাঠে কাজ করতে বলা হয়েছে।
তারেক মুন্সী আরও বলেন, দেবিদ্বারবাসীর প্রতি আমাদের আহ্বান—আপনারা ট্রাক প্রতীকের পাশে থাকুন এবং জসিম উদ্দিনের বিজয়ে সক্রিয় ভূমিকা রাখুন।
এদিকে, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফও বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপি তাদের প্রার্থী জসিম উদ্দিনকে পূর্ণ সমর্থন দিয়েছে এবং নেতাকর্মীদের তার পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছে।