August 27, 2026, 4:02 pm

এবার বিশ্রামে যাও, মানুষ তোমাদের অনেক দেখেছে : জামায়াত আমির

এবার বিশ্রামে যাও, মানুষ তোমাদের অনেক দেখেছে : জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘদিন মানুষ অনেক দেখেছে, এবার বিশ্রামের পালা। এবার আমাদের একটু সুযোগ দিন। আমরা বসন্তের কোকিল নই, আমরা দেশের প্রকৃত উন্নয়ন করব।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা তিস্তা ব্যারাজ হেলিপ্যাড মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “রাজনীতির নামে দুর্নীতি চলছে, যা কখনো চলতে পারে না। যারা দুর্নীতিতে জড়িত তাদের রাজনীতির অধিকার নেই। আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আমি শুধু জামায়াতের বিজয় চাই না, আমি চাই ১৮ কোটি মানুষের বিজয়। ‘হ্যাঁ’ ভোট মানে জনতার বিজয়।”

তিনি আসন্ন নির্বাচনের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “মানুষ পরিবর্তন চায়। এবারের নির্বাচন সাধারণ নয়। এখানে দুটি ভোট—একটি ‘হ্যাঁ’, যা স্বাধীনতার প্রতীক; অন্যটি ‘না’, যা দমন ও গোলামির প্রতীক। আপনারা প্রথম ভোট ‘হ্যাঁ’ দিন, দ্বিতীয় ভোট দিয়ে ১১ দলীয় জোটের প্রার্থীকে ইনসাফ প্রতিষ্ঠা করতে সহযোগিতা করুন।”

তিস্তা অঞ্চলের অগ্রাধিকার প্রসঙ্গে তিনি বলেন, “তিস্তাকে আমাদের অগ্রাধিকার দিন। এটি হবে উত্তরাঞ্চলের অর্থনীতির কেন্দ্রবিন্দু। বুড়িমারী স্থলবন্দরসহ সড়ক ও রেলপথ আধুনিকভাবে উন্নয়ন করা হবে। ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়ন আমরা নিশ্চিত করব।”

ডা. শফিকুর রহমান আরও বলেন, “উত্তরাঞ্চল দীর্ঘকাল অবহেলিত। এখানে উন্নয়নের বীজ রোপণ করব। একদল স্বার্থপর চাঁদাবাজি ও ব্যবসায়ীর দ্বারা জাতিকে বিভক্ত করা হয়েছে, আমরা তা বন্ধ করব। উত্তরাঞ্চলকে কৃষি ও শিল্পের রাজধানী করা হবে।”

নারী নিরাপত্তা ও সমান অধিকার বিষয়ে তিনি বলেন, “একদল মানুষ ভয়ে আছে, কিন্তু ভয় করার কোনো কারণ নেই। আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠা করব। মা-বোনদের প্রতি শতভাগ নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা হবে। নারীর নিরাপত্তা আমাদের মূল অগ্রাধিকার।”

জনসভায় লালমনিরহাট জেলা জামায়াতের আমির ও লালমনিরহাট-৩ আসনের প্রার্থী আবু তাহেরের সভাপতিত্বে ১১ দলীয় জোটের নেতারা বক্তব্য রাখেন।

এর আগে জামায়াত আমির কুড়িগ্রাম থেকে হেলিকপ্টারে করে তিস্তা ব্যারাজ হেলিপ্যাডে পৌঁছান।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com