May 25, 2026, 4:49 pm

রাজু ভাস্কর্য থেকে কালো কাপড় অপসারণ করল ছাত্র ইউনিয়ন

রাজু ভাস্কর্য থেকে কালো কাপড় অপসারণ করল ছাত্র ইউনিয়ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের মাথায় ছাত্রলীগ নেতাকর্মীদের লাগানো কালো কাপড় অপসারণ করেছে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা।

শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের দিন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা ছাত্রলীগ কর্তৃক সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যকে মোড়ানো কালো কাপড় খুলে ফেলেন। এর আগে সাভারের কেন্দ্রীয় স্মৃতিসৌধে ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ ও অন্যান্য সাংগঠনিক ইউনিট ৭১ এর শহীদ স্মরণে পুষ্পমাল্য অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি দীপক শীল ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহির শাহরিয়ার রেজা শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত সমাজপ্রগতির লড়াই চালিয়ে যাওয়ার শপথ ব্যক্ত করেন।

যৌথ বিবৃতিতে তারা বলেন, গত বুধবার (১৩ ডিসেম্বর) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যকে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা কালো কাপড়ে ঢেকে দেয়। মূলত আগের দিন পাহাড়ে চার ছাত্রনেতা হত্যার প্রতিবাদে মশাল মিছিলে প্রগতিশীল ছাত্র সংগঠনের উপর ছাত্রলীগ হামলা করে। এই ঘটনা ধামাচাপা দিতে ছাত্র ইউনিয়নের উপর সন্ত্রাসী তকমা দিয়ে রাজু ভাস্কর্যকে কাল কাপড়ে ঢেকে দেয় এবং ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের দেখে নেওয়ার হুঁশিয়ারি দেয়।

তারা বলেন, আজ ১৬ ডিসেম্বর মহান বিজয়ের দিনে রাজু ভাস্কর্যকে মুড়িয়ে দেওয়া কালো কাপড় খুলে আমরা ঘোষণা করছি শত শহীদের রক্তে গড়া ছাত্র ইউনিয়নের প্রত্যেক সদস্য বিজয় অর্জন না হওয়া পর্যন্ত শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্ত্রাস-মৌলবাদের বিরুদ্ধে লড়ে যাব। এর আগেও আমরা দেখেছি হাকিম চত্বরে শহীদ রাজুর স্মরণে আঁকা প্রতিকৃতি মুছে দিয়েছিল ছাত্রলীগ। মূলত ছাত্র ইউনিয়নের ইতিহাস, ঐতিহ্য, লড়াইকে এরা ভয় পায় বলেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছাত্র ইউনিয়নের নাম মুছে দিতে চায়। আমরা দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি, দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আবারও একই দেয়ালে শহীদ রাজুর প্রতিকৃতি এঁকে ছাত্রলীগের দখলদারিত্বের জবাব দেব।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় মেট্রোরেলের উদ্বোধনের জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে লাগানো ছাত্রলীগের সাইনবোর্ড ভাঙার চেষ্টা করে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে তাদের উপর হামলা করলে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয় বলে ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়। ঘটনার প্রতিবাদে সেদিন রাতেই ছাত্রলীগের নেতাকর্মীরা রাজু ভাস্কর্যের মাথা ‘কালো কাপড়’ দিয়ে ঢেকে দেয় এবং ভাস্কর্যের বেদি ‘ছাত্র ইউনিয়নের সন্ত্রাসী কার্যক্রম’ সম্বলিত ব্যানার লাগিয়ে দেয়। ঘটনার জেরে ১৪ ডিসেম্বর পুনরায় ছাত্র ইউনিয়নের ঢাবি সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৪ জনকে মেরে আহত করার অভিযোগ উঠে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com