May 31, 2026, 2:13 pm

জামায়াতের সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি পুলিশের

জামায়াতের সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি পুলিশের

পুলিশ অনুমতি না দেওয়ার পরও মঙ্গলবার (১ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করবে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। সোমবার (৩১ জুলাই) সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়ে বলেন, মঙ্গলবার দুপুর ২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগরীর (উত্তর ও দক্ষিণ) উদ্যোগে সমাবেশ হবে। তিনি বলেন, আমরা পুলিশ প্রশাসনের কাছে লিখিতভাবে অনুমতি চেয়েছি। আশা করছি তারা অনুমতি দেবে।

এদিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানাচ্ছে, সোমবার সন্ধ্যা ৭টা পর্যন্ত জামায়াতকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। কারণ সমাবেশ ঘিরে সহিংসতা ও সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। এমন প্রেক্ষাপটে অনুমোদনবিহীন সমাবেশ প্রতিহত করতে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে।

ডিএমপির উপকমিশনার মো. ফারুক হোসেন বলেন, ‘যেহেতু অনুমতি দেওয়া হয়নি, সে কারণে এ সমাবেশ বেআইনি। অনুমোদনহীন সমাবেশ ঘিরে নগরবাসীর নিরাপত্তায় যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার, তার সবই নেওয়া হয়েছে। ইতোমধ্যে এ-সংক্রান্ত নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রয়োজনীয়সংখ্যক ফোর্সও মোতায়েন করা হবে।’

সোমবার বিকাল থেকেই বায়তুল মোকাররমের আশপাশ এলাকায় অবস্থান নেয় অতিরিক্ত পুলিশ। নিয়োজিত করা হয় অ্যান্টিপারসোনেল কার (এপিসি), জলকামানসহ পর্যাপ্ত দাঙ্গা দমন সামগ্রী। পল্টন মোড়, বায়তুল মোকাররমের উত্তর ও দক্ষিণ গেট, দৈনিক বাংলা, পুরানা পল্টন ও আশপাশের পুরো এলাকায়ও আজ সকাল থেকে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হচ্ছে।

সোমবার দুপুরে রাজধানীর একটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জামায়াত নেতা নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘ইতোমধ্যে আমরা সমাবেশ বাস্তবায়নে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি। জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ এ সমাবেশে শ্রেণি-পেশা, ধর্মবর্ণ নির্বিশেষে সবাই দলে দলে যোগ দিন। আশা করছি, নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি একটি ঐতিহাসিক সমাবেশে পরিণত হবে। জনগণের দাবি আদায়ে শান্তিপূর্ণ সমাবেশ বাস্তবায়নে পুলিশ প্রশাসনসহ সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।’

বুলবুল বলেন, বাংলাদেশ জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান ২৪ জুলাই এক সংবাদ সম্মেলনে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা, নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে ও জামায়াতে ইসলামীকে সভা-সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছিলেন। এর মধ্যে ছিল ২৮ জুলাই সব মহানগরী এবং ৩০ জুলাই সব জেলা সদরে মিছিল ও ১ আগস্ট ঢাকা মহানগরীতে সমাবেশ। ২৪ জুলাই কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে কর্মসূচির বিষয়ে পুলিশের আইজিকে লিখিতভাবে জানানো হয়। একইভাবে সব মহানগরী ও জেলাগুলোয় পুলিশ প্রশাসনকে জানিয়ে চিঠি দেওয়া হয়। আজ মঙ্গলবার বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশের বিষয়ে ২৫ জুলাই সকাল ১০টায় ইমেইলে এবং বিকাল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সহসম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমানের নেতৃত্বে আইনজীবীদের একটি প্রতিনিধিদল ডিএমপি কমিশনারকে চিঠি দিয়ে আসেন। পুলিশ কমিশনারের কার্যালয়ের উপ-পুলিশ কমিশনার সৈয়দ মামুন মোস্তফা চিঠিটি গ্রহণ করেন। আজ দুপুর ২টায় এ সমাবেশ হবে বলে জানান তিনি।

তিনি বলেন, জামায়াত ঘোষিত শান্তিপূর্ণ মিছিলে হাজার হাজার লোক স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে। ২৮ ও ৩০ জুলাইয়ের কর্মসূচি কেন্দ্র করে পুলিশ ২৫০ জনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমির আবদুর রহমান মুসা, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, উত্তরের সহকারী সেক্রেটারি নাজিমুদ্দিন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন, কামাল হোসাইন, উত্তরের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার, দক্ষিণের মজলিসে শুরা সদস্য আশরাফুল আলম ইমন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com