August 30, 2026, 1:25 am

চাইনিজ তাইপেকে হারিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ

চাইনিজ তাইপেকে হারিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ

‘বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট-২০২৩’ এ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার ঢাকার পল্টনের শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা চাইনিজ তাইপেকে তিনটি লোনাসহ ৪২-২৮ পয়েন্টে হারিয়ে টানা তৃতীয়বারের মতো বঙ্গবন্ধু কাপে চ্যাম্পিয়ন হয়।

বাংলাদেশ দলের অধিনায়ক তুহিন তরফদার টুর্নামেন্টের বেস্ট ক্যাচার ও ম্যান অব দ্য ফাইনাল হন। একই দলের মিজানুর রহমান ম্যান অব দ্য টুর্নামেন্ট ও বেস্ট রেইডারের পুরস্কার লাভ করেন।

এই টুর্নামেন্টে ২০২১ এবং ২০২২ সালের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল কেনিয়া। ওই দুই আসরে কেনিয়াকে যথাক্রমে ৩৪-২৮ এবং ৩৪-৩১ পয়েন্টে হারিয়েছিল লাল-সবুজ বাহিনী।

তৃতীয় আসরের ফাইনালে ওঠার সময়ই বিশ্বকাপ কাবাডিতে খেলার যোগ্যতা অর্জনের সুখবর পেয়েছিল বাংলাদেশ। আজ বঙ্গবন্ধু কাপ কাবাডির শিরোপা জিতে দেশবাসীর জন্য আরেক সুখবর দেয় সাজুরাম গয়াতের শিষ্যরা।

ফাইনালে দু’দলই ধীরস্থির-সর্তক ভঙ্গিতে শুরু করে। বোনাস পয়েন্ট পাওয়ার মাধ্যমে পয়েন্টের খাতা খোলে বাংলাদেশ। এরপর সংগ্রহ করে আরেকটি পয়েন্ট। তবে টানা ২ পয়েন্ট পেয়ে দ্রুতই সমতায় ফেরে চাইনিজ তাইপে। মিজানুর রহমান রেইড দিয়ে সফল হলে আবারও লিড নেয় স্বাগতিকরা (৩-২)।

তবে পিছিয়ে থাকেনি প্রতিপক্ষ তাইপেও। সমানতালে খেলতে থেকে কখনও সমতায় ফেরে, কখনও আবার এগিয়েও যায় তারা (৫-৪)। একপর্যায়ে ১০-৯ পয়েন্টে পিছিয়ে থাকার পর ১০-১০ এ সমতা আনে স্বাগতিকরা।

এর পরেই ১৪ মিনিটের সময় তাইপেকে প্রথমবারের মতো অলআউট করে বাংলাদেশ। ১৪-১০ পয়েন্টে এগিয়ে যায় তারা। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাদের।

বাংলাদেশ এই ম্যাচে রেইডের চেয়ে ক্যাচারের ভূমিকায় বেশি সফল হয়। মূলত তাদের অভিজ্ঞতার কাছেই হার মানে চাইনিজ তাইপে। প্রথমার্ধে ২০-১৪ পয়েন্টে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও ২২ ও তাইপে ১৪ পয়েন্ট স্কোর করে। তুহিনের রেইডে লোনা ও বোনাস পয়েন্ট মিলিয়ে ৪ পয়েন্ট পেয়ে বাংলাদেশ স্কোরলাইন ২৪-১৪ করে ফেলে।

মিজানুর, আরদুজ্জামান ও তুহিনের একের পর এক সফল রেইড ও দলগত নৈপুণ্যে নিজেদের পয়েন্ট আরও বাড়িয়ে নিতে থাকে লাল-সবুজ বাহিনী। এক পর্যায়ে তুহিনের রেইডে তৃতীয় লোনা পেয়ে যায় বাংলাদেশ (৩৭-২১)। তখনই মোটামুটি বাংলাদেশের জয় নিশ্চিত হয়ে যায়। ফলে একটু যেন হাল্কা মুডে খেলতে থাকে তারা। এটাকে কাজে লাগিয়ে তাইপে দ্রুত কিছু পয়েন্ট আদায় করে নেয়।

শেষ আড়াই মিনিট। শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ায় বাংলাদেশ রেইড দিতে গিয়ে কোন চাপ নেয়নি। বরং কৌশলগত কারণে ধীরগতিতে খেলে সময় পার করতে থাকে। বাকি সময়ে তাইপে দুটো লোনার পয়েন্ট দিয়েও লিড নিতে পারতো না বা সমতায় ফিরতে পারতো না। তবে তাইপে এই সময়ে কিছু পয়েন্ট আদায় করে।

ম্যাচের শেষ রেইড দেন তুহিন। খেলা শেষ হবার বাঁশি বাজতেই দর্শক উল্লাস শুরু হয়।

১৩ মার্চ ১২ দেশের খেলোয়াড়দের স্বতস্ফূর্ত অংশগ্রহণে শুরু হয়েছিল বঙ্গবন্ধু কাপ-২০২৩ আন্তর্জাতিক কাবাডি। আজ মঙ্গলবার স্বাগতিক বাংলাদেশের হ্যাটট্রিক শিরোপা জয়ের মাধ্যমে নামল সেই পর্দা।

খেলা শেষে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের খেলোয়াড়দের স্বর্ণপদক পড়িয়ে হাতে শিরোপা ট্রফি তুলে দেন প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। রানার্সআপ চাইনিজ তাইপের হাতে ট্রফি ও গলায় রুপার পদক পড়িয়ে দেন কাবাডি ফেডারেশনের সভাপতি ও পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

এ সময় বিশ্ব কাবাডি ফেডারেশনের সভাপতি সত্যশিভম মুনিস্বামী, এশিয়ান কাবাডি ফেডারেশনের সভাপতি মোহাম্মদ সারোয়ার, যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দিন আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এক নজরে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট-২০২৩:
চ্যাম্পিয়ন: বাংলাদেশ।
রানার্সআপ: চাইনিজ তাইপে।
তৃতীয় স্থান: ইরাক ও থাইল্যান্ড (যুগ্মভাবে)।
ম্যান অব দ্য ফাইনাল: তুহিন তরফদার (বাংলাদেশ, ১০ হাজার টাকা)।
সেরা ক্যাচার: তুহিন তরফদার (বাংলাদেশ, ১০ হাজার টাকা)।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড়: মিজানুর রহমান (বাংলাদেশ, ১৫ হাজার টাকা)।
সেরা রেইডার: মিজানুর রহমান (বাংলাদেশ, ১৫ হাজার টাকা)।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com