November 27, 2026, 3:12 am

আন্দোলনের সুনামিতে ভেসে যাবে সরকার : মিন্টু

আন্দোলনের সুনামিতে ভেসে যাবে সরকার : মিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন,আমরা তো এখনও আন্দোলন শুরু করিনি। তাতেই সরকারের শীর্ষ পর্যায় থেকে বলতে শুরু করেছে, তারা নাকি ধাক্কা দিলে পড়বে না। আমি বলবো-কত বড় ধাক্কা লাগবে? তুফানের সঙ্গে কিন্তু সুনামিও আসে। দরকার হলে সবাই মিলে সেটাও তৈরি করবো। আন্দোলনের সুনামির ধাক্কায় এই সরকার ভেসে চলে যাবে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে ১২ দলীয় জোটের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। অব্যাহতভাবে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং বিএনপি ঘোষিত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে ১২ দলীয় জোটের একটি বিক্ষোভ মিছিল বিজয় নগর পানির ট্যাংকি সংলগ্ন রাস্তায় শুরু হয়ে পুরানা পল্টন মোড় ঘুরে আবারও বিজয়নগরে পানির ট্যাংকির সামনে গিয়ে শেষ হয়।

মিন্টু বলেন, অতীতে দেখেছি আওয়ামী লীগের ডাকে ২০০ লোক আসতো না। সামনে দুজনও আসবে না। আওয়ামী লীগ এখন দেশে দুঃস্বপ্নের নাম। কোনভাবেই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখা যাবে না। তারা নিজেদের স্বার্থে দেশকে বিক্রি করে দিচ্ছে। দেশকে রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব।

আজকে দেশ কষ্টে আছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, সরকার বলছে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। আসলে বিশ্বে এখন তেলের দাম কমেছে ২৫ শতাংশ। দেশে এগুলোর দাম কমার কোনও লক্ষণ নেই। তারা বলে, ২৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা আছে। ২৪ হাজার নাকি উৎপাদন হচ্ছে। তাহলে এতো লোডশেডিং কেন? কারণ তাদের দুর্নীতি ও লুটপাট। তাদের বিদায় করতে না পারলে আগামী প্রজন্মের ভবিষ্যত অন্ধকার।

আওয়ামী লীগ সরকারকে জনদুর্ভোগের সরকার আখ্যা দিয়ে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বলেন, দ্রব্যমূল্যের সীমাহীন বৃদ্ধি জনজীবনকে দুঃসহ অবস্থায় নিয়ে গেছে, এই পরিস্থিতি মোকাবিলা না করে আবারও নতুনভাবে বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণা দেশবাসীকে হতবাক করে দিয়েছে। বিদ্যুতে দাম বাড়লে এর প্রভাবে প্রতিটি পণ্যের দাম বাড়বে। যা সীমিত আয়ের মানুষকে তিলে তিলে মেরে ফেলার শামিল।

এসময় অবিলম্বে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা প্রত্যাহার করার দাবি জানান এহসানুল হুদা।

অনির্বাচিত সরকারের সুবিধাভোগী মহল বিএনপি ঘোষিত যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে নানা প্রকার মিথ্যাচার ও বিভ্রান্তিমূলক অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি, বিএনপি ঘোষিত যুগপৎ আন্দোলনের সঙ্গে আছি এবং থাকবো। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠনসহ ১০ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ১২ দলীয় জোটের রাজপথে যুগপৎ আন্দোলন অব্যাহত থাকবে।

সভাপতির বক্তব্যে মোস্তফা জামাল হায়দার বলেন, ২৫ জানুয়ারি বাকশাল দিবসকে কালো দিবস হিসেবে পালনের লক্ষ্যে সারাদেশে যুগপৎ আন্দোলন কর্মসূচি করা হবে। তিনি অবিলম্বে সরকারকে পদত্যাগের আহ্বান জানান।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন ১২ দলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এনডিপির চেয়ারম্যান ক্বারী মোহাম্মদ আবু তাহের, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com