November 27, 2026, 4:03 am

খুলনা রেলস্টেশনে ভাঙচুর, বিএনপির ১৭০ জনের নামে মামলা

খুলনা রেলস্টেশনে ভাঙচুর, বিএনপির ১৭০ জনের নামে মামলা

খুলনা রেলস্টেশনে ভাঙচুরের ঘটনায় বিএনপির ১৭০ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। শনিবার (২২ অক্টোবর) রাতে খুলনা রেলস্টেশনের মাস্টার মানিক চন্দ্র সরকার বাদী হয়ে মামলা করেন।

খুলনা রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রেলস্টেশনে ভাঙচুরের ঘটনায় রাতে স্টেশন মাস্টার মনিক চন্দ্র সরকার বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০-১৭০ জনের বিরুদ্ধে রেলওয়ে থানায় মামলা করেছেন।

এর আগে শনিবার (২২ অক্টোবর) দুপুরে বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশে আসা নেতা-কর্মীদের বাধা দেওয়াকে কেন্দ্র করে খুলনা রেলস্টেশনে মুখোমুখি অবস্থান নেয় পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা। এ সময় বিএনপি কর্মী ও পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ করা হয়। একইসঙ্গে স্টেশনের দরজার গ্লাস ভাঙচুরের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সমাবেশে আগতরা রেলস্টেশনে অপেক্ষা করছিল। সেখানে ডিউটি পুলিশ তাদের এলাকা ত্যাগ করতে বললে তারা পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে কথা-কাটাকাটি ও ইটপাটকেল নিক্ষেপ করে। বিএনপির নেতাকর্মীদের ছোঁড়া ইটপাটকেলে রেলস্টেশনের বিভিন্ন জানালা-দরজার কাঁচ ভেঙে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিএনপি নেতারা বলেন, সমাবেশস্থলে দলের নেতাকর্মীদের আসতে বাধা দেওয়অ হয়েছে। ট্রেনে আসা নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। সমাবেশ ঠেকাতে তারা এমন কাজ করেছে। তবুও সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com