November 27, 2026, 4:27 am

নতুন ঘরে থাকা হলো না প্রবাসীর, একসঙ্গে তিনজনের মৃত্যু

নতুন ঘরে থাকা হলো না প্রবাসীর, একসঙ্গে তিনজনের মৃত্যু

বরগুনা সদর উপজেলায় নতুন ঘর নির্মাণ করতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে একই বাড়ির তিনজন নিহত হয়েছেন। এসময় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শোকের মাতম বইছে পুরো এলাকাজুড়ে।

নিহতরা হলেন, একই এলাকার শাহজান পহলানের ছেলে বেলায়েত পহলান (২৫), হারুন হাজীর ছেলে মালয়েশিয়া প্রবাসী মো. হেলাল (৩৫) এবং জলিল মিয়ার ছেলে রবিউল ইসলাম (১৪)। গুরুতর আহত অপর একজন হলেন, একই এলাকার নিজাম খানের ছেলে আরিফ (২০)।

স্থানীয়রা জানান, হারুন হাজীর ছেলে হেলাল দীর্ঘ ১৪ বছর ধরে মালয়েশিয়া প্রবাসী ছিলেন। গত সপ্তাহে তিনি বাড়ি আসেন। এরপর নতুন পাকা ঘর নির্মাণের কাজ শুরু করেন। দুপুরের দিকে মামাতো ভাই বেলায়েত, প্রতিবেশী রবিউল ও আরিফকে নিয়ে পুরনো ঘরটি অপসারণ করতে যায়। এসময় পাশে থাকা বিদ্যুতের সংযোগ ছিড়ে ঘরের টিনে লেগে যায় এং চারজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়।

ঘটনাস্থলেই বেলায়েত, হেলাল ও রবিউল মারা যায়। আরিফকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ঢলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক স্বপন বলেন, নতুন ঘর নির্মাণ করতে গিয়ে একসঙ্গে তিনজনের প্রাণ গেল। এই তিনজনই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন। তাদের মৃত্যুতে বাকরুদ্ধ পরিবারগুলো। খবর শোনার পর থেকে বরগুনার জেলা প্রসাশক সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন এবং প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে বলেও জানিয়েছেন।

এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাছান বলেন, সদর থানার ওসিকে নিয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। এটি একটি দুর্ঘটনা। পরিবারেরও কোনো অভিযোগ নেই। তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com