November 29, 2026, 7:30 am

‘জ্বীনের বাদশা’সহ ৬ প্রতারক গ্রেপ্তার

‘জ্বীনের বাদশা’সহ ৬ প্রতারক গ্রেপ্তার

নোয়াখালীতে জ্বীনের বাদশাসহ ছয় প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১০টি মোবাইলের সীম, একটি ম্যাগনেট ও ১০টি ধাতব মুদ্রা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আব্দুল মমিন (৬১), ইমাম উদ্দিন রাসেল (৩৫), আজিজুল হক (৪১), মো. নুরনবী মানিক (৪৭), নজরুল ইসলাম (২৬) এবং মো. নুর হোসেন (৫০)।

বুধবার (২০ জুলাই) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আসামিরা ২০১৮ সাল থেকে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। আসামিদের মধ্যে আব্দুল মমিন জ্বীনের বাদশা সেজে ফোন দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতেন। পরে আসামিরা বিকাশ ও নগদের মাধ্যমে লোকজনের কাছ থেকে মোটা অঙকের টাকা হাতিয়ে নিতেন।

তিনি আরো জানান, আসামিরা জিজ্ঞাসাবাদে টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে। তারা প্রতারণা করে ৩ জন থেকে মোট এক কোটি পাঁচ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

ওসি জানান, প্রতারণার কাজে ব্যবহৃত মূল ম্যাগনেটটি পলাতক অপর আসামি রিপনের কাছে আছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মামলা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com