November 29, 2026, 7:33 am

ঠাকুরগাঁওয়ে বৃষ্টির জন্য নামাজ আদায়

ঠাকুরগাঁওয়ে বৃষ্টির জন্য নামাজ আদায়

‘আমার জীবনে এত রোদের তাপ দেখিনি। ঘরের ভেতরে বা বাইরে কোথাও থাকা যাচ্ছে না। ঘরের ভেতরে ফ্যানের বাতাসেও কাজ হচ্ছে না। আমি একজন কৃষক। কৃষির ওপর আমাদের এলাকার সবাই নির্ভর করে। এখন বৃষ্টি না হওয়ার কারণে আমন লাগানো যাচ্ছে না। তবুও যারা সেচ দিয়ে আমন রোপণ করেছেন তাদের মাটি ফেটে গেছে। আমন ধান নষ্ট হয়ে যাচ্ছে। একটা কঠিন সময় অতিক্রম করছি আমরা। আল্লাহ যাতে করে আমাদের বৃষ্টি দিয়ে উপকার করেন তার আশায় এসেছি।’

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বৃষ্টির জন্য নামাজ আদায় ও মোনাজাত শেষে কথাগুলো বলছিলেন যাদুরাণী গ্রামের কৃষক আব্দুল লতিফ। সোমবার (১৮ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার আমগাঁও ইউনিয়নের যাদুরাণী বড়পুকুর পাড় ঈদগাহ মাঠে বৃষ্টির জন্য বিশেষ এই নামাজ ও মোনাজাতের আয়োজন করা হয়। নামাজে ইমামতি করেন শায়েখ এজাবুদ্দিন৷

বৃষ্টির জন্য নামাজে আসা রায়হান বিন ইসা বলেন, এমন রোদে রুমের বাইরে বের হওয়া যায় না। আর রুমের ভেতরে থাকাও কঠিন। আমরা কৃষি কাজ করে সংসার চালাই। বৃষ্টি না হওয়ায় আমরা আমন রোপণ করতে পারছি না। আর এই গরমে অনেকে অসুস্থ হয়ে পড়ছে। আজকে বৃষ্টির জন্য আমরা নামাজ আদায় করলাম।

নামাজ শেষে শায়েখ এজাবুদ্দিন বলেন, আমাদের জেলার অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। বৃষ্টি না হওয়ায় আজকে আমরা দুই রাকাত নামাজ আদায় করেছি ও মোনাজাত করেছি। তীব্র গরমে প্রতিটি পরিবারে অসুস্থতা দেখা যাচ্ছে। আমরা বৃষ্টির অভাবে আমন রোপন করতে পারছি না। বৃষ্টির জন্য নামাজ আদায় ও মোনাজাত করেছি। আজকে বৃষ্টি না হলে আমরা আগামীকাল ও পরশু আবারও নামাজ আদায় করব ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com