November 29, 2026, 7:43 am

মেয়েকে লুকিয়ে রেখে নিখোঁজের নাটক সাজান বাবা

মেয়েকে লুকিয়ে রেখে নিখোঁজের নাটক সাজান বাবা

নারায়ণগঞ্জের ফতুল্লার পাঠানটুলি এলাকার বাসা থেকে নিখোঁজ শিশু মোসা. শাম্মি আক্তারকে (০৫) কাশিয়ানী থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ মার্চ) বিকেলে উপজেলার খায়েরহাট নিজ বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।

শাম্মি খায়েরহাট গ্রামের শামীম মোল্যা ও জাহানারা দম্পতির মেয়ে। ঘটনার পর থেকে বাবা পলাতক রয়েছেন।

এর আগে গত ১১ মার্চ নিখোঁজ শিশুর মা জাহানারা বাদী হয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরের দিন মামা রিয়াদ আলম নারায়ণগঞ্জ র‌্যাব-১১ এ লিখিত অভিযোগ দায়ের করেন।

এদিকে সাজানো নিখোঁজ নাটককে বাস্তব প্রমাণ করতে শামীম মোল্যা মেয়ের সন্ধান চেয়ে ফেসবুক আইডিতে মেয়ের ছবি দিয়ে ‘হারিয়ে গেছে সন্ধান পেলে যোগাযোগ করুন ০১৯৪৬৪৬৮৬১০’ লিখে একটি পোস্ট দেন।

শিশুর মা, কাশিয়ানী ও ফতুল্লা মডেল থানা সূত্রে জানা গেছে, শিশুর বাবা শামীম মোল্যা এক বিধবা নারীর সঙ্গে পরকীয়ায় জড়ান। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই দ্বন্দ্ব হতো। গত ১১ মার্চ সকালে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। দুপুরে খাবার খেয়ে দুজনে একমাত্র মেয়ে শাম্মি আক্তারকে নিয়ে ঘুমিয়ে থাকেন। হঠাৎ শাম্মি সেখান থেকে নিখোঁজ হয়ে যায়। স্বামী-স্ত্রী দুজনে অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে আশপাশের ডোবায় অভিযান চালিয়ে শিশু উদ্ধারে ব্যর্থ হয়।

এ ঘটনায় শিশু শাম্মির মা জাহানারা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর শিশু উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। এরই মধ্যে বাসা থেকে পালিয়ে যান শামীম মোল্যা ও তার ভাই। পরে শাম্মির মামা রিয়াদ আলম শিশু উদ্ধারে র‌্যাব-১১ এর সাহায্য চান।

র‌্যাব তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শামীমের অবস্থান জেনে শিশু উদ্ধারে অভিযান শুরু করে। এরই মধ্যে শামীমের এক আত্মীয় শাম্মির নানিকে মুঠোফোনে জানান, শাম্মি জীবিত আছে, এ নিয়ে আর বাড়াবাড়ি করার দরকার নেই।

শাম্মিকে কাশিয়ানীর খায়েরহাট নিজ বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে বিষয়টি শাম্মির মা ও মামা বাড়ির লোকজন জানতে পারেন। পরে তারা বিষয়টি কাশিয়ানী থানা পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে শাম্মিকে উদ্ধার করে। পরে তার মায়ের কাছে শাম্মিকে হস্তান্তর করা হয়। আজ শিশু শাম্মিকে ফতুল্লা মডেল থানায় হাজির করা হবে বলেও জানা গেছে।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) আশুতোষ কুমার বিশ্বাস শিশু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারিক দ্বন্দ্বের কারণে শিশুর বাবা তাকে গ্রামের বাড়ি কাশিয়ানীতে এনে লুকিয়ে রেখেছিলেন। খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের হেফাজতে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com