November 29, 2026, 8:16 am

প্রেমিকাকে হত্যার পর প্রেমিকের আত্মহত্যা!

প্রেমিকাকে হত্যার পর প্রেমিকের আত্মহত্যা!

চায়ের দোকানের এক কর্মচারীর সঙ্গে প্রেম হয় কলেজপড়ুয়া ছাত্রীর। দীর্ঘ ১০ বছর ধরে চলে তাদের ভালোবাসা। একপর্যায়ে মেয়েটির বিয়ে ঠিক হয় ফ্রান্সফেরত এক প্রবাসী যুবকের সঙ্গে। কলেজছাত্রীও রাজি হয় সেই বিয়েতে। বিয়ের ১০ দিন আগে পরিত্যক্ত ঘরে প্রেমিকাকে কৌশলে ডেকে হত্যা করা হয়। এরপর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে প্রেমিকও।

চাঞ্চল্যকর এ ঘটনা চট্টগ্রামের রাউজান উপজেলার। রোববার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৮টার দিকে খুন ও আত্মহত্যার ঘটনা ঘটে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের মহামুনি ভগবান দারোগা বাড়ি এলাকায়।

পুলিশ জানায়, আত্মহত্যা করা যুবকের নাম জয় বড়ুয়া (২৬)। তিনি মহামুনি বড়ুয়া পাড়ার বাসিন্দা নিলেন্দু বড়ুয়া নিলুর ছেলে। জয় একটি চায়ের দোকানের কর্মচারী ছিলেন। এছাড়া খুন হওয়া তরুণীর নাম অন্বেষা চৌধুরী ওরফে আশা (২০)। তিনি পাহাড়তলী ইউনিয়নের উদয়ন চৌধুরী বাড়ি এলাকার রনজিত চৌধুরী বাবলুর মেয়ে।

পুলিশ সূত্র জানায়, জয় ও অন্বেষার প্রেমের সম্পর্ক দীর্ঘ ১০ বছরের। তবে চায়ের দোকানের কর্মচারী হওয়ায় জয়ের সঙ্গে বিয়ে দিতে রাজি ছিল না মেয়েটির পরিবার। সম্প্রতি ফ্রান্স থেকে আসা এক যুবকের সঙ্গে অন্বেষার বিয়ে ঠিক করে পরিবার। আগামী ১০ মার্চ বিয়ের দিনক্ষণও ঠিক হয়। সেই বিয়েতে একপর্যায়ে রাজিও হয় অন্বেষা। বিষয়টি জেনে ক্ষুব্ধ হন জয়। পরিকল্পনা করেন অন্বেষাকে মেরে নিজেও মরে যাওয়ার।

ঘটনার দিন (রোববার) কৌশলে অন্বেষাকে ডেকে আনে জয়। এরপর তাকে পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যাওয়া যান। প্রথমে অন্বেষার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে জয়। মৃত্যু নিশ্চিত করতে অন্বেষার গলায় একটি ছুরি ঢুকিয়ে দেওয়া হয়। অন্বেষার মৃত্যু নিশ্চিত করে নিজের শার্ট ফ্যানের সঙ্গে বেঁধে ঝুলে আত্মহত্যা করেন জয়।

পরে স্থানীয়রা জয়কে ঝুলন্ত অবস্থায় ও অন্বেষাকে মেঝেতে খুন হওয়া অবস্থায় উদ্ধার করেন। পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছেন রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন শামীম ও রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুনের নেতৃত্বে একটি টিম। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে তারা এই ঘটনার প্রাথমিক সত্যতা পান।

রাঙ্গুনিয়া সার্কেলের এএসপি আনোয়ার হোসেন শামীম বলেন, ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com