October 25, 2026, 10:53 am

মেট্রোরেল-ফ্লাইওভার কি চিবিয়ে খাবো: রিজভী

মেট্রোরেল-ফ্লাইওভার কি চিবিয়ে খাবো: রিজভী

সরকারের তৃতীয়বর্ষ পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশে দেওয়া ভাষণের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গত পরশুদিন প্রধানমন্ত্রী বলেছেন, ২০২২ সাল হবে উন্নয়নের মাইলফলক। আমি বলতে চাই এই উন্নয়নের ধারায় দেশ ও জনগণ আরও কত প্রতারিত হবে? আর কত নিস্ব হবে?

তিনি বলেন, পত্রিকায় দেখলাম সাত-আটটা পিওন পদের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। সেখানে কয়েক হাজার আবেদন করা হয়েছে। তার মধ্যে অসংখ্য এমএ পাস আছে। এটাই হলো শেখ হাসিনার উন্নয়ন। মেট্রোরেল, ফ্লাইওভার কি আমরা চিবিয়ে খাবো?

রোববার (৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের নিচতলায় প্রয়াত জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্টদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আমরা এমন এক সমাজে বাস করি যখন ডানে-বামে সবসময় তাকাতে হয় কেউ আমাকে অনুসরণ করছে কি-না। এক প্রচণ্ড ভয় এবং শঙ্কার মধ্যে আমাদের দিনরাত যখন অতিবাহিত হয় তখন এই তরুণরা ফ্যাসিবাদ, নাৎসিবাদ, পৃথিবীর সমস্ত আইনকে কড়ায়ত্ত করে জনগণের ওপর যারা ভয়ংকর অত্যাচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে এই অনলাইন অ্যাক্টিভিস্টরা যে অস্ত্র হানে এটা নিঃসন্দেহে গোটা জাতিকে প্রেরণা দেয় এবং আমরাও অনুপ্রাণিত হই।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আপনি জানেন আজ যে সন্তানটি জন্মলাভ করছে ৯৮ হাজার টাকা ঋণ নিয়ে সে জন্মলাভ করছে। আর আপনি উন্নয়নের কথা বলেন। এটা যে ঋণের মাইলফলক হবে, বন্দুকযুদ্ধের মাইলফলক হবে, গুমের মাইলফলক হবে এটা অনলাইন অ্যাক্টিভিস্টদের কতজন গুমের শিকার হবে তা বলা মুশকিল।

সংগঠনের আহ্বায়ক ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক আমিরুজ্জামান শিমুল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এহমল হোসেন পাইলট, হায়দার আলী লেলিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com