October 12, 2026, 9:11 pm

যাত্রাবাড়ীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

যাত্রাবাড়ীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় বাথরুমে রাখা বালতির পানিতে ডুবে রোজা আক্তার (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ওই শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃতের বাবা জুবায়ের বলেন, আমাদের ঘরের বাথরুমের দরজা খোলা পেলে ঢুকে যেত রোজা। এ জন্য বাথরুমের দরজা সবসময় বন্ধ রাখা হয়। সন্ধ্যায় সে ঘরের মধ্যে খেলছিল, কখন যে বাথরুমে ঢুকে যায় সেটা কেউ দেখেনি। দীর্ঘ সময় তাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে রোজাকে বাথরুমে রাখা বালতির পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, যাত্রাবাড়ী থেকে পানিতে পড়া এক শিশুকে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com