June 25, 2026, 7:00 am
ঢাকা-১৪, ১৬ ও ১৮ সংসদীয় আসনের মোট ভোটকেন্দ্রের প্রায় ১৮ শতাংশ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ঢাকা-১৪ ও ঢাকা-১৬ আসনকে অধিক ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৪, ১৬ ও ১৮ এই তিন আসনের সার্বিক নিরাপত্তা ও নির্বাচন প্রস্তুতি বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লে. কর্নেল এস এম ফুয়াদ মাসরুর।
তিনি বলেন, ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসা-যাওয়া নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ঝুঁকির মাত্রা বিবেচনায় ভোটকেন্দ্রগুলোকে অধিক ঝুঁকিপূর্ণ, মধ্যম ও সাধারণ—এই তিন শ্রেণিতে ভাগ করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
লে. কর্নেল এস এম ফুয়াদ মাসরুর আরও বলেন, নির্বাচনকালীন সময়ে যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতার তথ্য প্রচারের আগে সাংবাদিকদের প্রাথমিকভাবে যাচাই করার আহ্বান জানানো হয়েছে, যাতে ভুল বা উসকানিমূলক সংবাদ পরিবেশন না হয়।
তিনি জানান, সেনাবাহিনী নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করবে। কোথাও ঝুঁকিপূর্ণ বা অস্বাভাবিক পরিস্থিতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান তিনি।