May 25, 2026, 12:09 pm

নবম পে-স্কেল আন্দোলন ঘিরে যমুনা এলাকায় ১৪৪ ধারা, বিজিবি মোতায়েন

নবম পে-স্কেল আন্দোলন ঘিরে যমুনা এলাকায় ১৪৪ ধারা, বিজিবি মোতায়েন

 

নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর কেন্দ্রীয় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের পর প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের সহিংসতা এড়াতে যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এর আগে সরকারি কর্মচারীদের আন্দোলন চলাকালে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের একাধিক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠায় যমুনার নিরাপত্তা জোরদার করতে রাজধানীর কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়। বিজিবি মোতায়েনের পরপরই ডিএমপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ১৪৪ ধারা জারি করা হয়।

এদিকে শহীদ শরীফ ওসনান হাদি হত্যার বিচারের দাবিতে গত বৃহস্পতিবার থেকে যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শুক্রবার জুমার নামাজের পর সবাইকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। যমুনা ও আশপাশের এলাকায় জনসাধারণকে জটলা এড়িয়ে চলা এবং আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে ডিএমপি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com