August 28, 2026, 12:56 pm

স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন পাকিস্তান

স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন পাকিস্তান

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৭২ রানের ব্যবধানে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে নাম লেখায় বাবর আজমের দল। দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় পাকিস্তান। বাবর আজম ও শোয়েব মালিকের ঝড়ো হাফসেঞ্চুরিতে ভর করে ৪ উইকেট হারিয়ে পাকিস্তান ১৮৯ রান তোলে। ঝড়ো ইনিংসে রেকর্ডের পাতায় নাম লেখান ৩৯ বছর বয়সী মালিক।

আর মাত্র ১৫ রান করলেও এক পঞ্জিকা বর্ষে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন মোহাম্মদ রিজওয়ান। তিনি টি-টোয়েন্টিতে এক বর্ষপঞ্জীতে সর্বোচ্চ রানে ক্রিস গেইলেকে পেছনে ফেলেছেন। ২০১৫ সালে গেইল ১৬৬৫ রান করেছিলেন। রিজওয়ান ইতিমধ্যে ১৬৭৬ রান করেছেন। ৪৭ বলে সর্বোচ্চ ৬৬ রান করেন বাবর। তার ইনিংসে চারের মার ছিল ৫টি ও ছয়ের মার ছিল ৩টি। মাঝে হাফিজ ১৯ বলে খেলেন ৩১ রানের ইনিংস।

বাবর-হাফিজরা ফিরে গেলেও পাকিস্তানের রানের চাক থামেনি। শেষ বলে ৬ হাঁকিয়ে মাত্র ১৮ বলে ফিফটি করেন মালিক। তার ইনিংসে চারের মার ছিল ১টি আর ছয় ৬টি। আসিফ আলির সঙ্গে পঞ্চম উইকেটের জুটিতে শেষ ১৫ বলে যোগ করেন ৪৭ রান। পাকিস্তানের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড নিজের করে নেন ডানহাতি ব্যাটসম্যান। এর আগে উমর আকমল ২১ ও ২২ বলে ফিফটি পেয়েছিলেন অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের বিপক্ষে। তবে বিশ্বকাপে এটি যৌথভাবে তৃতীয় দ্রুততম ফিফটি।

টার্গেটে খেলতে নেমে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে স্কটল্যান্ড থামে ১১৭ রানে। শুরুটা ভালো হয়নি স্কটিশদের। ৫.৩ ওভারে ওপেনার কাইল কোয়েটজার ফেরেন ১৬ বলে ৯ রান করে। দ্রুত ফেরেন ম্যাথু ক্রস (৫) ও ওপেনার জর্জ মানসি (১৭)।

রিচি বেরিংটন এরপর খেলার হাল ধরার চেষ্টা করেন। ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না। তিনি ৩৭ বলে ৫৪ রান করে অপরাজিত ছিলেন। টি-টোয়েন্টিতে এটি তার সপ্তম ফিফটি। শেষ দিকে মাইকেল লিস্ক ১৪ রান করেন। ২ রানে অপরাজিত ছিলেন মার্ক ওয়াট।

৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন শাদাব খান। ১টি করে উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ ও হাসান আলী।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com