August 23, 2026, 2:23 pm

সমালোচনা জীবনের অংশ, এটা সহ্য করাও আর্ট: মাশরাফি

সমালোচনা জীবনের অংশ, এটা সহ্য করাও আর্ট: মাশরাফি

টি-টোয়েন্টি বিশ্বকাপে সময়টা ভালো কাটছে না বাংলাদেশ দলের। বিশ্বকাপের সুপার টুয়েলভে টানা দ্বিতীয় পরাজয়ের স্বাদ পেল টাইগাররা। বাছাইপর্বের প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর ওমান ও পাপুয়া নিউ গিনিকে হারিয়ে মূলপর্ব নিশ্চিত করলেও সুপার টুয়েলভে মুখ থুবড়ে পড়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। বুধবার আবুধাবির শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। বাংলাদেশের দেওয়া ১২৫ রানের লক্ষ্যে ইংলিশরা পৌঁছে গেছে ২ উইকেট হারিয়েই।

বাংলাদেশ দলের সঙ্গে নেই মাশরাফি। তবে আনুষ্ঠানিকভাবে দলের মেন্টর হিসেবে না থাকলেও, দেশে বসেই টাইগারদের পাশে দাঁড়ানোর কাজটি নিয়মিতই করে চলেছেন দ্য নড়াইল এক্সপ্রেস। প্রতি ম্যাচের পরই সাহস জোগাচ্ছেন ক্রিকেটারদের। ব্যতিক্রম হলো না ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পরেও। আজ মাশরাফি লিখেছেন সমালোচনার ব্যাপারে। তার মতে, মানুষ বাংলাদেশ দলকে ভালোবাসে বলেই এতো কথা বলে। তাই এগুলোকে সহজভাবে নিয়ে ভুলগুলো শুধরানোর পরামর্শই দিয়েছেন টাইগারদের সফলতম অধিনায়ক।

নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দেয়া স্ট্যাটাসে মাশরাফি লিখেছেন, সমালোচনা জীবনের একটা অংশ। এটা সহ্য করাও একটা আর্ট। যে যতো সমালোচনা নিতে পারে সে ততো ভালো থাকে। ঠিক এই মুহূর্তে তোমাদের সমালোচনা সবাই করবে এমনকি আমিও, তাতে তোমাদের কিছু যায়-আসার কথা নয়।’ শুধু তোমাদের চিন্তা করা উচিত তোমরা কী করতে চেয়েছিলে আর তা কেন করতে পারোনি। পরের ম্যাচে যেন সেরাটা দিতে পারো সেই চিন্তা করা শুরু করো। কারণ, পরের ম্যাচটাও তোমরা বাংলাদেশের জন্যই খেলবে আর দেশের সবাই আবার নতুন কোনও আশা নিয়ে খেলা দেখতে বসবে। মাঝখান দিয়ে হয়তো কেউ গঠনমূলক সমালোচনা অথবা আরও বেশি নেতিবাচক কথা বলবে।

এরপরই মাশরাফি মাঠের পারফরম্যান্সকে পেছনে ফেলে মাহমুদউল্লাহদের সঙ্গে থাকার ঘোষণা দেন, ‘তোমাদের ভালোবাসে বলেই এত কথা বলে, নেক্সট ম্যাচেই সেরাটা দিয়ে জিতে আসলে, দেখবা সবাই আনন্দে পেছনের জিনিস ভুলে যাবে। একমাত্র ইতিবাচক মানসিকতাই সেরাটা বের করে আনতে পারবে আমার বিশ্বাস। মাঠে যা কিছুই ঘটুক না কেন, তোমাদের পাশেই আছি। মনপ্রাণ দিয়েই থাকবো। সবাই বিশ্বাস করে তোমরাই আনন্দের উপলক্ষ।’ ইংল্যান্ডের বিপক্ষে বাজে দিন ভুলে যাওয়ার পরামর্শও দিয়েছেন সাবেক এই অধিনায়ক, ‘বাজে দিন ভুলে যাওয়াই উত্তম, তবে বাজে দিন যে শিক্ষা দিয়ে যাবে তা মনে রাখা আরও উত্তম। গুডলাক বাংলাদেশ ক্রিকেট। আল্লাহ ভরসা।’

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com