October 12, 2026, 9:48 pm

বিজয় সরণি থেকে পরিকল্পনামন্ত্রীর মোবাইল ছিনতাই

বিজয় সরণি থেকে পরিকল্পনামন্ত্রীর মোবাইল ছিনতাই

রাজধানীর বিজয় সরণি থেকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের আইফোন মোবাইল ফোন ছিনতাই হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

গত রোববার (৩০ মে) সন্ধ্যায় বিজয় সরণিতে যানজটে আটকে থাকা অবস্থায় মন্ত্রী এ ছিনতাইয়ের কবলে পড়েন। মঙ্গলবার (১ জুন) দুপুরে বিজনেজ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন পরিকল্পনামন্ত্রী নিজেই।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, মোবাইলটি নিয়ে যাওয়ার পর আমি হতভম্ব হয়ে পড়েছিলাম। তাৎক্ষণিকভাবে আমার গানম্যানসহ ডিউটিরত পুলিশ কর্মকর্তারা ছুটে গেলেও ছিনতাইকারীকে ধরতে পারেননি। ছেলে এক লাখ টাকায় ফোনটি কিনে দিয়েছিল আমাকে।

মন্ত্রী বলেন, আমি ব্যাক্তিগতভাবে বেশি প্রটোকল পছন্দ করিনা। তাই সাথে শুধু একজন গানম্যান থাকে। এ কারনেই ছিনতাইকারী আরো সুযোগ পেয়েছে।

মন্ত্রীর দফতর থেকে জানা যায়, রোববার সন্ধ্যার পর বিজয় সরণি সিগনালে গাড়ির মধ্যে বসে ফোনে কথা বলছিলেন মন্ত্রী। এ সময় গাড়ির জানালা খোলা ছিল। এ সুযোগে ছিনতাইকারী ‘ছোঁ’ মেরে কেড়ে নেয় মন্ত্রীর লাখ টাকা দামের আইফোনটি। এ ঘটনায় কাফরুল থানায় অভিযোগ করা হয়েছে।

মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আহসান খান বলেন, মন্ত্রী মহোদয়ের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় মিরপুর ও তেজগাঁও বিভাগ পুলিশ কাজ করছে। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধী শনাক্তকরণের কাজ চলছে।

বিজনেস নিউজ/এমআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com