October 27, 2026, 12:39 pm

লেস্টারকে ২-১ গোলে হারিয়ে শীর্ষ তিনে চেলসি

লেস্টারকে ২-১ গোলে হারিয়ে শীর্ষ তিনে চেলসি

এক বছরেরও বেশি সময় পর মাঠে দর্শকদের উৎসাহ পেয়েই যেন হারানো ছন্দটা খুঁজে পেল চেলসি। লেস্টার সিটিকে হারিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠেছে টমাস টুখেলের দল।

দীর্ঘ প্রতীক্ষা শেষে প্রিমিয়ার লিগে দর্শক ফেরার দিনে মঙ্গলবার ২-১ গোলে জিতেছে চেলসি। আন্টোনিও রুডিগার দলটিকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান জর্জিনিয়ো। শেষ দিকে একটি গোল শোধ করেন কেলেচি ইহেনাচো।

বছরের শুরুর দিকে দায়িত্ব নেওয়া টুখেলের কোচিংয়ে পাল্টে যাওয়া চেলসি হঠাৎ করেই হেরে বসে টানা দুই ম্যাচে। এবার সেই ধাক্কা কাটিয়ে উঠল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা দলটি।

এ মৌসুমে লেস্টারের বিপক্ষে তিনবারের দেখায় এটি তাদের প্রথম জয়। আসরে প্রথম দেখায় গত জানুয়ারিতে লেস্টারের মাঠে ২-০ গোলে হেরেছিল চেলসি। আর গত শনিবার এফএ কাপের ফাইনালে হারে ১-০ গোলে।

ওই ফাইনালের তিন দিন আগে লিগে আর্সেনালের বিপক্ষে ঘরের মাঠে হেরেছিল চেলসি। জয়ের ধারায় ফিরতে মরিয়া দলটি এদিন শুরু থেকেই দারুণ খেলতে থাকে। স্ট্যামফোর্ড ব্রিজে বল দখলের পাশাপাশি আক্রমণেও ছিল স্বাগতিকদের একাধিপত্য।

প্রথমার্ধেই মোট ১১টি শট নেয় তারা, যার চারটি ছিল লক্ষ্যে। দুবার জালে বল পাঠিয়েছিলেনও টিমো ভেরনার; কিন্তু প্রথমবার অফসাইড ও পরেরবার হ্যান্ডবলের কারণে গোল মেলেনি।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে অবশেষে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় চেলসি। খুব কাছ থেকে বল জালে পাঠান জার্মান ডিফেন্ডার রুডিগার।

৬৬তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনিয়ো। ভেরনার ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় তারা।

১০ মিনিট পর ব্যবধান কমান কেলেচি ইহেনাচো। এনডিডির পাস পেয়ে ঠাণ্ডা মাথায় গোলটি করেন নাইজেরিয়ার এই ফরোয়ার্ড।

যোগ করা সময়ে রুডিগারকে লেস্টারের ডিফেন্ডার রিকার্দো পেরেইরার ধাক্কা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ম্যাচে উত্তেজনা ছড়ায়। দুই দলের খেলোয়াড় বিবাদে জড়িয়ে পড়ে। রেফারি এসে পরিস্থিতি আনেন। ম্যাচের ফলে যদিও এর কোনো প্রভাব পড়েনি।

৩৭ ম্যাচে ১৯ জয় ও ১০ ড্রয়ে তিনে ওঠা চেলসির পয়েন্ট ৬৭। চার নম্বরে নেমে যাওয়া লেস্টারের পয়েন্ট ৬৬। এক ম্যাচ কম খেলা লিভারপুল ৬৩ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।

ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের মাঠে ৩-২ গোলে হেরে গেছে ম্যানচেস্টার সিটি। ৩৭ ম্যাচে ২৬ জয় ও ৫ ড্রয়ে ৮৩ পয়েন্ট আগেই শিরোপা নিশ্চিত করা দলটির। দিনের অন্য ম্যাচে, ফুলহ্যামের বিপক্ষে ১-১ ড্র করা ম্যানচেস্টার ইউনাইটেড ৭১ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।

বিজনেস নিউজ/ এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com