October 27, 2026, 12:50 pm

তোরেসের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন সিটির নতুন রেকর্ড

তোরেসের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন সিটির নতুন রেকর্ড

মাঠে নামার আগেই শিরোপার স্বাদ নেয়া হয়ে গেছে। মঙ্গলবার লেস্টারের কাছে ম্যানইউর হারের পরই নিশ্চিত হয়ে যায়, এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা উঠছে ম্যানচেস্টার সিটির ঘরে। চার মৌসুমে এ নিয়ে তৃতীয়বার প্রিমিয়ার লিগ জয়ের রেকর্ড গড়লো পেপ গার্দিওলার দল।

ফেরান তোরেসের দুর্দান্ত হ্যাটট্রিকে শুক্রবার রাতে নিউক্যাসলের মাঠে ৪-৩ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলার শিষ্যরা। ম্যাচটাতে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। মোট গোল হলো ৭টি। তাতে সিটির জয় এলো ৪-৩ ব্যবধানে। তোরেসের হ্যাটট্রিক ছাড়াও সিটির হয়ে বাকি গোলটি করেন হোয়াও ক্যান্সেলো।

নিউক্যাসল ইউনাইটেডের হয়ে গোল তিনটি করেন এমিল ক্রাফথ, জোয়েলিন্টন এবং জোসেফ উইলক।

চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হওয়া সত্ত্বেও শুক্রবার রাতে অ্যাওয়ে ম্যাচে গার্দিওলার দলের নিজেদের উজাড় করে দেওয়ার কারণ ছিল। অ্যাওয়ে ম্যাচে টানা জয়ের বদৌলতে চেলসিকে পেছনে ফেলার সুযোগ ছিল স্কাই ব্লুজ’দের সামনে। ফেরান তোরেসের হ্যাটট্রিকে সেই রেকর্ডই গড়ে নিল চ্যাম্পিয়নরা।

গার্দিওলার ম্যানসিটি আর রেকর্ড যেন সমার্থক হয়ে দাঁড়িয়েছে। ২০১৭-১৮ মৌসুমে প্রিমিয়ার লিগ ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে তিন অঙ্কের পয়েন্ট ছুঁয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। একইসঙ্গে শিরোপা জয়ের পথে ১২টি টিম রেকর্ড গড়েছিল গার্দিওলার দল। আর মঙ্গলবার চার বছরে তিনবার খেতাব জয়ের পর এদিন অ্যাওয়ে ম্যাচে টানা জয়ের রেকর্ড গড়লো স্কাই ব্লুজরা।

এর আগে প্রিমিয়র লিগে টানা ১১টি অ্যাওয়ে ম্যাচে জয়ের রেকর্ড ছিল চেলসির দখলে। ১মে ক্রিস্টাল প্যালেসকে তাদের ঘরের মাঠে হারিয়ে সেই রেকর্ডে ভাগ বসায় সিটি। এবার নিউক্যাসেলকে হারিয়ে টানা ১২টি অ্যাওয়ে ম্যাচ জিতে নতুন রেকর্ড রচনা করল গার্দিওলা অ্যান্ড কোং।
সিটির জার্সিতে এদিন গোলরক্ষক হিসেবে অভিষেক হয় ৩৫ বছরের স্কট কারসনের। ১০ বছর পর প্রিমিয়র লিগে প্রথম ম্যাচ খেললেন এই গোলরক্ষক। উত্তেজনায় ভরা প্রথমার্ধ শেষ হয় ২-২ গোলে। ২৫ মিনিটে এমিল ক্রাফথ নিউক্যাসেলকে এগিয়ে দিলে ৩৯ মিনিটে সমতা ফেরান হোয়াও ক্যানসেলো।

তিন মিনিট পর ইলকায় গুন্দোগানের সেটপিস থেকে দর্শনীয় ফ্লিকে ২-১ করেন তোরেস। প্রথমার্ধের ইনজুরি সময়ে পেনাল্টি থেকে সেই গোল শোধ করে নিউক্যাসল। স্পট কিক নেন জোয়েলিন্টন।

বিরতির পর ৬২ মিনিটে ফের পেনাল্টি পায় নিউক্যাসেল। স্পটকিক থেকে নেওয়া শট কারসন রুখে দিলেও ফিরতি শটে বল জালে জড়িয়ে দেন জোসেফ উইলক।

সেন্ট জেমস পার্কে এরপর সিটির গোলের বিস্ফোরণ। লিড নেওয়ার খেসারত যে এভাবে দিতে হবে ভাবেনি নিউক্যাসল। ৬৪ এবং ৬৬ মিনিটে জোড়া গোল করে তোরেস নিজের হ্যাটট্রিক তো পূর্ণ করেনই, একইসঙ্গে সিটির নতুন কীর্তির স্থপতিও হয়ে যান।

জয়ের ফলে দ্বিতীয়স্থানে থাকা ইউনাইটেডের সঙ্গে ১৩ পয়েন্টের ব্যবধান তৈরি করল চ্যাম্পিয়ন সিটি। ৩৬ ম্যাচে তাদের সংগ্রহে ৮৩ পয়েন্ট। ম্যানইউর পয়েন্ট ৭০। তৃতীয় স্থানে থাকা লেস্টারের পয়েন্ট ৬৬। লিগে আর তাদের ম্যাচ বাকি মাত্র ২টি করে।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com