October 25, 2026, 5:04 pm
ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুমের জন্য রক্ষণ সামাল দিতে পিএসজি থেকে সময়ের অন্যতম সেরা ডিফেন্ডার থিয়াগো সিলভাকে উড়িয়ে এনেছে ইংলিশ ক্লাব চেলসি।
তবু দলটির রক্ষণভাগকে দুর্বল ভাবছেন চেলসির সাবেক তারকা ক্রেইগ বার্লি। যে জন্য থিয়াগো সিলভাকে একাই রক্ষণভাগ সামলাতে হবে এবং তার ওপর বেশ চাপ যাবে বলে মনে করছেন তিনি।
এই চাপ কতটা বেশি তা বোঝানোর জন্য ক্রেইগ বার্লি বলেছেন, থিয়াগো সিলভাকে অক্সিজেন মাস্ক পরে নামতে হবে।
উল্লেখ্য, নতুন করে সাজানো দলে আক্রমণভাগের সবাই অতি আক্রমণাত্মক। নিচের দিকে নেমে খেলতে অভ্যস্ত নন তারা।
চেলসির আক্রমণভাগে এবার রয়েছেন– টিমো ওয়ের্নার, হাকিম জিয়েচ ও কাই হ্যাভার্ৎজ। তাদের কেউ রক্ষণাত্মক খেলেন না।
ইএসপিএন এফসির সঙ্গে সাক্ষাৎকারে এ বিষয়ে বার্লি বলেন, ‘থিয়াগো সিলভার নিশ্চিতভাবেই অক্সিজেন মাস্কের প্রয়োজন পড়বে। কারণ দলে শুধু এনগোলো কান্তের রক্ষণাত্মক স্কিল রয়েছে। ফলে আক্রমণ ও রক্ষণের ভারসাম্য আনতে বেগ পোহাতে হবে ল্যাম্পার্ডকে। অনেক দৌড়াতে হবে সিলভাকে।’
তিনি আরও যোগ করেন, ‘ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের প্রথম মৌসুমে দুর্দান্ত আক্রমণাত্মক ছিলেন ম্যাসন মাউন্ট। এবার দলে রয়েছেন কাই হ্যাভার্ৎজ, ওয়ের্নার, জিয়েচ ও পুলিসিচ। তারা সবাই আক্রমণভাগের খেলোয়াড়। ফলে শুধু কান্তেই বাকি থাকেন। তিনি ছাড়া আর কাউকে রক্ষণাত্মক দায়িত্ব পালনের জন্য দেখছি না। সে ক্ষেত্রে থিয়াগো সিলভার সঙ্গী কান্তেই। তাই সিলভাকে নিশ্চিতভাবে অক্সিজেন মাস্ক পরে খেলতে হবে।’
নতুন মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হবে আগামী ১২ সেপ্টেম্বর। চেলসির প্রথম ম্যাচ ১৪ সেপ্টেম্বর ব্রাইটনের বিপক্ষে। গত মৌসুমে চতুর্থ অবস্থানে থেকে লিগ শেষ করেছিল চেলসি।