August 30, 2026, 9:04 pm

ব্রিজ ভেঙে ট্রাক খালে, যান চলাচল বন্ধ

ব্রিজ ভেঙে ট্রাক খালে, যান চলাচল বন্ধ

বাগেরহাটের মোল্লাহাটে চিত্রা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজ ভেঙে বালুবোঝাই একটি ট্রাক খালে পড়েছে। সোমবার (২২ মার্চ) ভোরে বাগেরহাট-মোল্লাহাট পুরাতন সড়কের নতুন ঘোষগাতি এলাকায় এ ঘটনা ঘটে। ফলে ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, ভোর ৪টার দিকে বালুবোঝাই একটি ট্রাকসহ ব্রিজটি ভেঙে খালের মধ্যে পড়ে যায়। এ সময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালেও এখন পর্যন্ত উদ্ধার ও সংস্কার কাজ শুরু হয়নি।

মোল্লাহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, পুরাতন সড়ক দিয়ে বালু নিয়ে বড়ঘাট যাওয়ার পথে ভুলে ঘোষগাতির দিকে চলে যায় ট্রাকটি। যাওয়ার পথে চিত্রা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজে ওঠে। অতিরিক্ত ওজনের ফলে ব্রিজটি ভেঙে  ট্রাকটি খালের মধ্যে পড়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

বাগেরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন বলেন, বাগেরহাট থেকে মোল্লাহাট পুরাতন সড়কে দশটি বেইলি ব্রিজ রয়েছে। অধিকাংশ ব্রিজ ঝুঁকিপূর্ণ হওয়াতে এই সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে কোনো কোনো চালক ওই পথে যাতায়াত করে। ট্রাক পড়ে যাওয়ার খবর পেয়ে লোক পাঠিয়েছি। যত দ্রুত সম্ভব ট্রাকটি অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজনেস নিউজ /আরকে

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com