November 29, 2026, 7:39 am

মর্গে কাটাকাটির প্রস্তুতি নিতেই নড়ে উঠল শিশু!

মর্গে কাটাকাটির প্রস্তুতি নিতেই নড়ে উঠল শিশু!

কুষ্টিয়ার কুমারখালীতে পানিতে ডুবে মৃত শিশুর লাশ ২ ঘণ্টা পর মর্গে কাটাছেঁড়া করতে গিয়ে মৃত শিশু হামিম (৮) নড়ে উঠেছে বলে দাবি করেন স্বজনরা। শুক্রবার দুপুরে কুষ্টিয়া সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শিশুটির আত্মীয়রা ক্ষিপ্ত হয়ে জরুরি বিভাগে ভাংচুর করেছে বলে জানা যায়। হামিম (৮) জয়নাবাদ  গ্রামের চরপাড়া এলাকার হারুনের ছেলে।

এলাকাবাসী জানান, শুক্রবার দুপুরে শিশু হামিম খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। এ সময় শিশুটিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। মর্গে ডোম কাটাছেঁড়া করার প্রস্তুতি নিলে শিশুটি নড়ে উঠে এবং জীবিত আছে বলে স্বজনরা হইচই শুরু করেন।

তখন পুনরায় শিশুটিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে শিশুকে ইসিজি করাকে কেন্দ্র করে হট্টগোল শুরু করেন রোগীর স্বজনসহ উপস্থিত লোকজন। এ সময় জরুরি বিভাগে হামলা চালিয়ে ভাংচুর করেন তারা।

পরে কুষ্টিয়া মডেল থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক হলে ডাক্তাররা পুনরায় শিশুটিকে ইসিজি করে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার বলেন, আমি নিজে শিশুটিকে পরীক্ষা করে দেখে মৃত ঘোষণা করে লাশ মর্গে পাঠাই। সেখানে শিশুটির পেটে চাপ দিলে পানি বের হওয়ায় শিশুটির স্বজনরা মনে করেছেন তার বাচ্চা জীবিত আছে। পরে শিশুটিকে জরুরি বিভাগে নিয়ে আসলে হট্টগোলের সৃষ্টি হয়। এখন পরিবেশ স্বাভাবিক আছে। আমরা শিশুটিকে পুনরায় ইসিজি করেছি এবং লাশ মর্গে পাঠানো হয়েছে।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com