August 31, 2026, 6:11 pm

ঘরের দরজা ভেঙে শিশুকে তুলে নিয়ে ধর্ষণ, যুবক গ্রেফতার

ঘরের দরজা ভেঙে শিশুকে তুলে নিয়ে ধর্ষণ, যুবক গ্রেফতার

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ঘরের দরজা ভেঙে ঘুমন্ত শিশুকে (১০) তুলে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত মুজাহিদুল ইসলাম (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতার মুজাহিদুল ইসলাম ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। রোববার সকালে উপজেলার অতিথিপুর রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

একই সঙ্গে ধর্ষণের শিকার শিশুকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (১৪ মার্চ) বিকেলে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, শনিবার রাতে ঘরে ঘুমাচ্ছিল শিশুটি। মাঝরাতে ঘরের দরজা ভেঙে তাকে তুলে নিয়ে যান মুজাহিদ। পরে অতিথিপুর রেলস্টেশন সংলগ্ন বিলের কাছে নিয়ে ধর্ষণ করেন। ঘুম ভাঙলে মেয়েকে ঘরে দেখতে না পেয়ে স্বজনদের বিষয়টি জানান মা। খোঁজাখুঁজির একপর্যায়ে বিল থেকে শিশুটিকে উদ্ধার করেন স্বজনেরা। বিষয়টি পুলিশকে জানালে সকাল ৯টার দিকে অতিথিপুর বাজারে অভিযান চালিয়ে মুজাহিদকে গ্রেফতার করা হয়।

ওসি মিজানুর রহমান আরও বলেন, ঘটনায় জড়িত মুজাহিদকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com