August 30, 2026, 2:01 pm

রাস্তা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৯

রাস্তা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৯

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বালিয়াদিঘিতে রাস্তা নিয়ে বিরোধের জেরে দম্পতিসহ নয়জন আহত হয়েছেন।

এ ঘটনায় বুধবার রাতে আহত কারিম আলি বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দিয়েছেন।

এজাহার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমির রাস্তা নিয়ে প্রতিপক্ষ আজিজুল, শফিকুল, তোফু, সোলেনুর ও নাজিরা বেগমের সঙ্গে বিরোধ চলে আসছে। এরই জেরে বুধবার বিকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কারিমের বাড়িতে হামলা চালায় তারা।

এ সময় কারিমের বাবা সিদ্দিক আলি ও মা জিনিয়া বেগমকে দেশীয় অস্ত্র দিয়ে মারাত্মকভাবে জখম করা হয়। একই সময় বোন সিনিয়ারা বেগমকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করা হয়।

পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পাশাপাশি অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

কারিম আলি অভিযোগ করে বলেন, জমির রাস্তা নিয়ে দ্বন্দ্ব বাধানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে প্রতিপক্ষরা। এ ঘটনায় তিনি স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে সিদ্দিকের মাথায় ও জিনিয়ার বেগমের মুখমণ্ডল জখম হয়েছে। বর্তমানে তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই আবদুল গনি জানান, ঘটনাটির তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com