August 31, 2026, 11:07 am

নেশা করে মসজিদে ভাঙচুর, যুবক আটক

নেশা করে মসজিদে ভাঙচুর, যুবক আটক

রংপুর নগরীর পাকপাড়া জামে মসজিদের ভেতরে ওজুখানায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে জড়িত থাকার অভিযোগে আবির মিয়া (৩৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে পাকপাড়া মসজিদের ভেতরে এ ঘটনা ঘটে।

আটক আবির মিয়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী। তার বাড়ি মসজিদের পাশেই। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করেছে মসজিদ কমিটি। তবে আবিরকে মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছে তার পরবিার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরীর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, ভাঙচুরের ঘটনার তথ্য পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আবিরকে আটক করে। আবির মিয়া স্থানীয় বাচ্চু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মসজিদে ভাঙচুরের অভিযোগে মামলা হয়েছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আবির মিয়া হঠাৎ মসজিদের ভেতরে ঢুকে ওজুখানায় ভাঙচুর চালাতে থাকেন। এ সময় মসজিদে অবস্থানকারী মোয়াজ্জিন জাহাঙ্গীর আলম তাকে বাধা দেন। এতে ক্ষুদ্ধ হয়ে আবির মোয়াজ্জিনকে ধাওয়া করেন। মোয়াজ্জিনের চিৎকারে  আশপাশের লোকজন এসে আবিরকে আটকানোর চেষ্টা করলে তিনি তাদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে মোয়াজ্জিন জাহাঙ্গীর আলম বলেন, আমি মসজিদের ভেতরে ছিলাম। শব্দ শুনে ওজুখানার কাছে গিয়ে দেখি এসির পাইপ খুলে ফেলাসহ পানির সংযোগ বিচ্ছিন্ন করছে আবির। শুধু তাই নয় ওজুখানায় থাকা গ্লাসও তিনি ভেঙে ফেলেন। আমি তাকে বাধা দিতে গেলে সে আমাকে মারার জন্য তেড়ে আসে। তখন আমি ভয়ে বাহিরে বের হয়ে চিৎকার করলে এলাকাবাসী ছুটে আসেন।

মসজিদ কমিটির সদস্য সবুজ বলেন, সকালে আমি এলাকার লোকজন ও মোয়াজ্জিনের ফোন পেয়ে ছুটে এসে দেখি মসজিদের ভেতরে পানির ট্যাপ সব খুলে ফেলা, এসির মেশিনের পাইপ লাইন ছেঁড়া, মেঝেতে পানি ভর্তি হয়ে গেছে। আবির আমাদের এলাকার ছেলে। সে রংপুর মেডিকেলে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মরত। সে মাদক সেবন করে। কয়েকদিন আগে সে তার মাকে মাথায় আঘাত করে রক্তাক্ত করেছে। আজ মসজিদে ঢুকে হামলা চালিয়েছে।

এদিকে আবিরের মা ফরহানা নূর আক্তার জানান, তার ছেলে মানসিক রোগী। কিছু দিন বখাটেদের সঙ্গে মিশে মাদকাসক্ত হয়ে পড়েছে। তবে তার ছেলে মসজিদ ভাঙার মতো এত বড় জঘন্য কাজ করেননি। দুই মাস ধরে আবির অসুস্থ। কিছু দিন আগে আবিরের হঠাৎ দরজা ধাক্কায় তার মাথা জখম হয়েছে। আজ এলাকার কিছু ছেলে বেলা ১১টার দিকে তার বাসার বিভিন্ন স্থানে ভাঙচুর করেছে। তাদের অভিযোগ- আবির নাকি মসজিদে ঢুকে ভাঙচুর করেছে।

ওসি আব্দুর রশিদ জানান, মসজিদের ভেতরে ভাঙচুরের অভিযোগে আবিরকে আটক করা হয়েছে। বিকেলে তার বিরুদ্ধে পাকপাড়া জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মামলা করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে- আবির মাদকাসক্ত। তবে সব কিছু তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com