June 9, 2026, 2:36 am
দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১৫ জন।
শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ শিশুর মধ্যে ৯ জন হামের উপসর্গে এবং ২ জন পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম আক্রান্ত ছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত দুই মাসে সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৪৯৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৫ জন শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৪১৪ জন।
একই সময়ে সারা দেশে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৮ হাজার ৩২৯ জন। আর হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬০ হাজার ৫৪০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। বিভাগটিতে হাম ও হামের উপসর্গ নিয়ে মারা গেছে ২১০ জন এবং আক্রান্ত হয়েছে ৩৫ হাজার ২১ জন।
গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২২ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য বিশ্লেষণ করে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
ইএটি