April 18, 2026, 9:17 am
রোজার শুরুতে বাজারে দাপট দেখানো লেবু, শসা ও বেগুনের দাম সাম্প্রতিক কয়েক দিনে কমতে শুরু করেছে। লেবুর দাম এখন প্রতিটি ১৫ টাকার মধ্যে এসেছে, যা রোজার প্রথম দুই দিনে প্রায় দ্বিগুণ ছিল। শসা ও বেগুনের দামও কেজিপ্রতি ২০–৩০ টাকা কমেছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এখন লেবুর দাম আগের তুলনায় কমেছে। বাজারে এখন মানমতো এক হালি লেবু ৬০ টাকায়, আর বড় আকারের লেবু ৮০ টাকায় বিক্রি হচ্ছে। রোজার শুরুতে এক হালি লেবুর দাম প্রথম দিন ও দ্বিতীয় দিনে যথাক্রমে ১০০ ও ১৫০ টাকায় বিক্রি হয়েছিল।
মালিবাগ বাজারের বিক্রেতা ফরিদ হোসেন জানান, “রমজানের শুরুতে সবাই শরবত বা রেসিপির জন্য লেবু কিনেছে। এখন ক্রেতার চাপ কমায় দামও ধীরে ধীরে কমছে। এক-দুই দিন বাদে ক্রেতারা একটু বেশি দামে লেবু কিনবেন না।”
শুধু লেবুই নয়, কাঁচা মরিচ, শসা ও বেগুনের দামও কমেছে। মান ও জাতভেদে কাঁচা মরিচের দাম দুই দিন আগে ১৮০–২০০ টাকা থেকে এখন ১৫০–১৬০ টাকায় নেমেছে। শসা ও খিরার দাম ১০০ টাকার কাছাকাছি থাকলেও এখন ৬০–৮০ টাকায় বিক্রি হচ্ছে।
বেগুনের দামও রোজার প্রথম সপ্তাহে বেড়ে ৮০–১০০ টাকায় পৌঁছেছিল, তবে বর্তমানে তা ৬০–৮০ টাকায় নেমেছে। সবজি বিক্রেতা বুলু মিয়া বলেন, “স্কুল-কলেজ বন্ধ, মানুষ গ্রামে যাচ্ছে, তাই চাহিদা কমছে। রোজার এক সপ্তাহ গেলে দাম স্বাভাবিকভাবেই নেমে আসে।”
ক্রেতারা বলছেন, রোজার সময় নিত্যপণ্যের দাম বাড়ে কারণ অতিরিক্ত চাহিদা পুঁজিতে পরিণত হয়। সব পর্যায়ের বিক্রেতাই সেই সময় অতিরিক্ত মুনাফা অর্জন করেন। তবে এখন লেবু, শসা ও বেগুনের দাম সামঞ্জস্যপূর্ণ হওয়ায় ক্রেতারা কিছুটা স্বস্তি অনুভব করছেন।
ইএটি