May 25, 2026, 11:59 am

রোজার শুরুতেই দাম বাড়লো পেঁয়াজের ১০-১৫ টাকা

রোজার শুরুতেই দাম বাড়লো পেঁয়াজের ১০-১৫ টাকা

পবিত্র রমজানের প্রথম দিনেই রাজধানীর বাজারে অস্থিরতা দেখা দিয়েছে পেঁয়াজের দামে। সরবরাহ সংকট ও বাড়তি চাহিদার অজুহাতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়ে বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। রমজানের শুরুতেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের এমন ঊর্ধ্বগতিতে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল, ধানমন্ডি কাঁচাবাজার এবং রায়েরবাজার ঘুরে দেখা যায়, গত কয়েক দিনের ব্যবধানে খুচরা বাজারে পেঁয়াজের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। বর্তমানে ভালো মানের পেঁয়াজ প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। আকারে ছোট পেঁয়াজ মিলছে ৫৫ টাকায়। তবে ৬০ টাকার নিচে ভালো মানের পেঁয়াজ পাওয়া যাচ্ছে না বলেই জানিয়েছেন ক্রেতারা।

ব্যবসায়ীরা বলছেন, মৌসুমের শেষ দিকে সরবরাহ কমে যাওয়া, পরিবহন খরচ বৃদ্ধি এবং রমজানকে ঘিরে বাড়তি চাহিদার কারণে দাম বাড়ছে। পেঁয়াজ বিক্রেতা হাসান মাহমুদ বলেন, “আজকে নয়, গত দুই-তিন দিন ধরেই দাম বাড়ছে। পাইকারি বাজারে বেশি দামে কিনতে হচ্ছে, তাই খুচরা বাজারেও সমন্বয় করতে হচ্ছে।”

খুচরা বিক্রেতাদের দাবি, মোকামে কয়েক দফায় দাম বাড়ায় তাদেরও বাধ্য হয়ে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। রমজান উপলক্ষে পাইকারি পর্যায়ে চাহিদা বেড়ে যাওয়ার প্রভাব সরাসরি খুচরা বাজারে পড়েছে বলেও জানান তারা।

অন্যদিকে ক্রেতারা বলছেন ভিন্ন কথা। মারুফ হোসেন নামে এক ক্রেতা বলেন, “রমজান এলেই ব্যবসায়ীদের পকেট কাটার ধান্দা শুরু হয়। গত সপ্তাহে ১০০ টাকার নিচে দুই কেজি পেয়েছি, আজ ১২০ থেকে ১৩০ টাকা চাইছে।”

রিকশাচালক মো. শুক্কুর আল আমিন বলেন, “দুই দিন আগে ভ্যানগাড়ি থেকে ৫০ টাকা কেজি দরে কিনেছি। ছোট পরিবার, সপ্তাহখানেক চলবে। এরপর তো বেশি দামেই কিনতে হবে। রোজা আসলেই দাম বাড়ে—এটা এখন নিয়ম হয়ে গেছে।”

রমজানের শুরুতেই নিত্যপণ্যের এমন ঊর্ধ্বগতিতে নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা দুশ্চিন্তায় পড়েছেন।

ইএটি

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com