May 25, 2026, 11:58 am
সোনার বাজারে অস্থিরতা আরও স্পষ্ট হচ্ছে। দাম কমানোর ঘোষণা দেওয়ার মাত্র ২৪ ঘণ্টা না যেতেই ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্তে প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৭ হাজার ৬৪০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম আবার উঠে এসেছে ২ লাখ ৬২ হাজার টাকায়। গতকাল যা ছিল ২ লাখ ৫৪ হাজার টাকা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাজুসের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম ওই সময় থেকেই কার্যকর করা হয়েছে।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী,২২ ক্যারেট সোনার এক ভরি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা ২১ ক্যারেট সোনার দাম ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেট সোনার দাম ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা,এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা।
সোনার দাম বাড়লেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই ২২ ক্যারেট রুপার এক ভরি ৬ হাজার ৩৫৭ টাকা,২১ ক্যারেট ৬ হাজার ৬৫ টাকা,১৮ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা,এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে বিশ্ববাজারেও সোনার দাম ঊর্ধ্বমুখী। স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট অর্গ–এর তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৬৬ ডলারে, যেখানে আগের দিন ছিল ৪ হাজার ৮৫০ ডলার।
এর আগে গত ৩০ জানুয়ারি স্বর্ণের দাম ছিল ৫ হাজার ২০০ ডলার, আর ২৯ জানুয়ারি তা একপর্যায়ে উঠে যায় ৫ হাজার ৫৫০ ডলারে।
বিশ্ববাজারে টানা মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে দেশীয় বাজারেও। গত ২৯ জানুয়ারি সকালে বাজুস এক ধাপে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা দাম বাড়ায়। এতে ভালো মানের সোনার এক ভরি দাম দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। একই সঙ্গে এক ধাপে এত বড় অঙ্কে সোনার দাম বাড়ানোর ঘটনা আগে কখনো ঘটেনি।