July 10, 2026, 8:11 am

রাজস্ব আদায় বৃদ্ধিতে উপযোগিতা হারানো খাত চিহ্নিত করা প্রয়োজন

রাজস্ব আদায় বৃদ্ধিতে উপযোগিতা হারানো খাত চিহ্নিত করা প্রয়োজন

আমাদের এই মুহূর্তে অনেক কর অব্যাহতি দেওয়া আছে। যার মধ্যে অনেকগুলো ইতোমধ্যে উপযোগিতা হারিয়েছে। সেগুলো চিহ্নিত করে তা তুলে নিতে পারলে রাজস্ব বোর্ড অনেক বেশি রাজস্ব আদায় করতে পারবে। যা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণেও সহায়ক হবে।

বুধবার (২০ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেরা করদাতাদের ট্যাক্স কার্ড ও সম্মাননা স্মারক দেওয়ার অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল উপস্থিত থাকার কথা থাকলে তিনি আসেননি।

বিশেষ অতিথির বক্তব্যে অর্থসচিব বলেন, বৈশ্বিক অর্থনৈতিক দুরবস্থার মধ্যে আমাদের অনেক প্রতিবেশী দেশ সমস্যায় পড়েছে। আমরা যাতে এই সমস্যায় না পড়ি, সেজন্য কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজস্ব খাতে সংস্কার।

তিনি আরও বলেন, করোনার সময় যখন সারা বিশ্বে টালমাটাল অবস্থা ছিল তখনও আমরা ৩ দশমিক ৪৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছি। যেটা বিশ্বের সামান্য কয়েকটি দেশ অর্জন করতে পেরেছে। এই প্রবৃদ্ধি অর্জনের প্রধান হাতিয়ার আমাদের রাজস্ব। চলতি অর্থবছরের অক্টোবর পর্যন্ত আমাদের রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ইতিবাচক। আশাকরি বছর শেষে রাজস্ব বোর্ড লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

তিনি বলেন, আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন, মাথাপিছু আয় বৃদ্ধি ও ব্যক্তি করদাতার সক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে কর কাঠামো। কাস্টমসের ওপর নির্ভরতা কমিয়ে এখন আয়করের দিকে বেশি নির্ভরতার জায়গা তৈরি হচ্ছে। সে উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি, যাতে আয়করের পরিধি বৃদ্ধি পায়। কর বিভাগের সম্প্রসারণের জন্য ২৮টি নতুন জোনের প্রস্তাব ইতোমধ্যে পাস হয়েছে। কর প্রদান সহজীকরণের জন্য অটোমেশনসহ সব ধরনের কাজ একের পর এক করে যাচ্ছি। নতুন আয়কর আইন প্রণয়নের পর কর দেওয়া আরও সহজ হয়েছে।

অনুষ্ঠানে দেশের সেরা ১৪১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড ও সম্মাননা স্মারক দেওয়া হয়। যার মধ্যে ৭৬ ব্যক্তি, ৫৪টি কোম্পানি ও অন্যান্য ক্যাটাগরির ১১টি রয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com