July 10, 2026, 4:27 pm

শ্রমিকদের বেতন কত বাড়বে, জানা যাবে নভেম্বরের মাঝামাঝি

শ্রমিকদের বেতন কত বাড়বে, জানা যাবে নভেম্বরের মাঝামাঝি

গার্মেন্টস শ্রমিকদের বেতন কত টাকা বাড়ছে তা চলতি মাসের (নভেম্বর) মধ্যে জানা যাবে বলে জানিয়েছে মালিক, শ্রমিক ও মজুরি বোর্ড। তবে ঠিক কত টাকা বাড়বে তা পরিষ্কার করেনি।

বুধবার (১ নভেম্বর) রাজধানীর তোপখানা রোডে ন্যূনতম মজুরি বোর্ডের পঞ্চম সভায় এ তথ্য জানান মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা। সভায় একই তথ্য জানান মালিক প্রতিনিধি ও বিজিএমই সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান খান এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধি সিরাজুল ইসলাম রনি।

সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলা বৈঠকে ন্যূনতম কত মজুরি হবে, তা নিয়ে একমত হতে পারেনি বোর্ড। প্রস্তাবিত ১০ হাজার ৪০০ টাকা থেকে আরো বাড়ানো হবে বলে নিশ্চিত করেন মালিক প্রতিনিধি। তবে শ্রমিক প্রতিনিধি এটা আরো বেশি দাবি করেছেন। ঠিক কত টাকা বাড়ানো হবে তা আজকের সভায় চূড়ান্ত করা যায়নি।

যদিও শ্রমিক প্রতিনিধি ২০ হাজার ৩৯৯ টাকার প্রস্তাব আগেই দিয়ে রেখেছিল। এর মধ্যে শ্রমিকরা রাজধানীর বিভিন্ন জায়গায় আন্দোলন করছে।

বৈঠকে ন্যূনতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরিনসহ শ্রমিক, মালিক ও মজুরি বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন

সভা শেষে এক ব্রিফিংয়ে বিজিএমই সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান জানান, আমরা নতুন প্রস্তাব দেব। সেজন্য মালিকদের সঙ্গে বসে নতুন প্রস্তাব মজুরি বোর্ডে পাঠানো হবে। আশা করি এই প্রস্তাবে শ্রমিকরা সন্তুষ্ট হবেন।

মজুরি বোর্ডের চেয়ারম্যান জানান, আজকে পঞ্চম বোর্ডের সভা হয়েছে। সেখানে সর্বসম্মতভাবে শ্রমিকদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মালিকপক্ষ নতুন একটি প্রস্তাব দেবে। সেই প্রস্তাবের ওপর আলোচনা করে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ চূড়ান্ত একটি বেতন ঘোষণা করা হবে। কত টাকা হবে, তখন জানা যাবে।

তিনি আরও জানান, ডিসেম্বর মাসে নতুন মজুরি কার্যকর হবে এবং জানুয়ারি মাসে বর্ধিত হারে বেতন পাবেন শ্রমিকরা। তবে কত টাকা বাড়বে পরিষ্কার করেননি মালিক, মজুরি বোর্ড ও শ্রমিক প্রতিনিধি।

মালিকপক্ষের প্রতিনিধি ও বিজিএমইএ সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, মালিকদের সঙ্গে বসে নতুন প্রস্তাব মজুরি বোর্ডে পাঠাবো। আশা করি ভালো পরিমাণে বেতন বাড়বে। তারপরও সরকার যদি চায় তবে সেটা আরো বাড়াতে পারেন। তার মানে শ্রমিকদের বেতন বাড়ছে এটা নিশ্চিত এবং ভালো পরিমাণে বাড়বে। আশা করি শ্রমিক ভাইয়েরা সন্তুষ্ট হবে।

 

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com