July 10, 2026, 9:56 pm

কৃষককে আটকে রেখে মারধোরের ঘটনায় বরখাস্ত হলেন ৩ ব্যাংক কর্মকর্তা

কৃষককে আটকে রেখে মারধোরের ঘটনায় বরখাস্ত হলেন ৩ ব্যাংক কর্মকর্তা

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়ায় কৃষি ব্যাংকে এক চাষিকে আটকে রেখে মারধরের ঘটনায় তিন ব্যাংক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকালে প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন কৃষি ব্যাংকের (সাময়িক বরখাস্তকৃত) আঞ্চলিক শাখা ব্যবস্থাপক মো. আব্দুল আজিজ।

বরখাস্ত হওয়া বাকি দুই কর্মকর্তা হলেন- কৃষি ব্যাংক রামদিয়া শাখা ব্যবস্থাপক মো. ইলিয়াস হোসেন ও তদন্ত অফিসার (আইও) রাফিজুল ইসলাম।

আব্দুল আজিজ বলেন, ‘এ ঘটনায় আমিসহ ৩ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না।’

এক মাস আগে গাভী মোটাতাজাকরণ প্রকল্পের জন্য ৩ লাখ টাকা ঋণ নিতে রামদিয়া কৃষি ব্যাংকে যান কৃষক দেনায়েত সরদার। এ সময় তিনি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও এক কপি ছবি ব্যাংকে জমা দিয়ে আসেন। ২০ আগস্টে ব্যাংকের তদন্ত কর্মকর্তা (আইও) রাফিজুল ইসলাম ওই কৃষকের বাড়িতে সরেজমিনে তদন্তে যান। পরে মিষ্টি খাওয়ার কথা বলে ঘুষ দাবি করেন। কিন্তু দেনায়েত সরদার ঘুষ দিতে রাজি না হওয়ায় ‘দায়দেনার’ কারণ দেখিয়ে ঋণের আবেদন বাতিল করে দেন ওই কর্মকর্তা।

এ বিষয়ে গত ৭ সেপ্টেম্বর কৃষক দেনায়েত সরদার বাংলাদেশ ব্যাংকের অভিযোগ সেলে ই-মেইলের মাধ্যমে একটি অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কৃষি ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গত সোমবার (১৮ সেপ্টেম্বর) গোপালগঞ্জ আঞ্চলিক শাখা ব্যবস্থাপক আব্দুল আজিজ ও তার সহযোগী অভিযোগের বিষয়টি তদন্তের জন্য রামদিয়া কৃষি ব্যাংকে যান। তদন্ত চলাকালে স্থানীয় লোকজন অতর্কিতভাবে ব্যাংকে ঢুকে অভিযোগকারী, তার সঙ্গে থাকা ছেলে এবং জামাতার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা ব্যাংকের সবগুলো গেট, দরজা ও ব্যাংকের সিসিটিভি ক্যামেরা বন্ধ করে অভিযোগকারী ও তার লোকজনকে তদন্ত কর্মকর্তার সামনেই মারধর করে।

পরে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে সাধারণ মানুষের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় উঠে। এ ঘটনায় কৃষক দেনায়ের সরদার বাদী হয়ে গোপালগঞ্জের আদালতে ১১ জনকে আসামি করে একটি মামলা করেছেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com